সেপ্টেম্বর ১০, ২০২৬, ০৭:১৪ পিএম
জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় ও পরবর্তী পরিস্থিতিতে সংসদ সদস্যদের আচরণ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি উল্লেখ করেন, তাঁর বক্তব্যের কোনো বিষয়ে কারও ভিন্নমত থাকলে তা গণতান্ত্রিক রীতি মেনে দাঁড়িয়ে কিংবা বক্তব্য শেষ হওয়ার পর প্রকাশ করা যেত। কিন্তু সংসদে যে পরিবেশ তিনি প্রত্যক্ষ করেছেন, তা কোনো গণতান্ত্রিক রাষ্ট্রীয় ব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।
বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে তিনি অভিযোগ করেন, সংসদে তাঁর আশপাশের বেশ কয়েকজন সদস্য অসংযত ভাষা ব্যবহার করেছেন, যা কোনো সংসদীয় রীতিনীতির আওতায় পড়ে না।
তিনি বলেন, সংসদে মতের ভিন্নতা থাকা অত্যন্ত স্বাভাবিক, তবে তা প্রকাশের ক্ষেত্রে ন্যূনতম সংসদীয় শিষ্টাচার ও গণতান্ত্রিক আচরণ রক্ষা করা অপরিহার্য। নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, অতীতে একাদশ সংসদে যখন তিনি একা দলের অবস্থান তুলে ধরেছিলেন, তখনও তাঁকে প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল।
হাজারো মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে গঠিত এই সংসদে যদি আচরণের কোনো পরিবর্তন না আসে, তবে কেবল বিরোধী দল সেজে আনুষ্ঠানিক ‘না’ ভোট দেওয়ার জন্য সংসদে থাকার কোনো সার্থকতা নেই বলেও তিনি ক্ষোভ প্রকাশ করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন