সেপ্টেম্বর ১০, ২০২৬, ০৯:৩৬ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের শেষ দিনে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার সমাপনী বক্তব্যে তিনি রাষ্ট্র পরিচালনায় দলীয় প্রভাবের বদলে মেধা ও সততার ভিত্তিতে যোগ্য ব্যক্তিদের মূল্যায়নের আহ্বান জানান।
ফান্ড বরাদ্দের ক্ষেত্রে বিরোধী দলের সংসদ সদস্যরাও বৈষম্যের শিকার হচ্ছেন বলে তিনি অভিযোগ করেন। অর্থনীতির দুই প্রধান স্তম্ভ ব্যাংক ও শেয়ারবাজার বিপর্যস্ত উল্লেখ করে তিনি বলেন, দলীয় প্রভাবমুক্ত সৎ লোক দিয়ে এসব প্রতিষ্ঠান চালাতে হবে। সমাজ থেকে দুর্নীতি নির্মূল করতে না পারলে কোনো পরিকল্পনাই সফল হবে না। এ ক্ষেত্রে দুর্নীতি নিয়ে স্বয়ং রাষ্ট্রপতির উদ্বেগের কথাও তিনি সংসদকে স্মরণ করিয়ে দেন।
শিক্ষাঙ্গনে দখলদারিত্ব, নকল ও অস্ত্রের ঝনঝনানির মাধ্যমে শিক্ষার মান ধ্বংস করা হয়েছে। অন্যদিকে বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কারণে অনেক কারখানার উৎপাদন ৫০ শতাংশ কমে যাওয়ায় শিল্প খাত মারাত্মক হুমকির মুখে পড়েছে বলে মন্তব্য করেন এই নেতা।
ঢাকা-১৫ আসনে অবস্থিত সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজে ভয়াবহ চিকিৎসক ও জনবল সংকটের চিত্র তুলে ধরে তিনি দ্রুত শূন্য পদ পূরণের দাবি জানান। সর্বক্ষেত্রে দলীয় আনুকূল্য পরিহার করে কোটার বদলে মেধার ভিত্তিতে নিয়োগের দাবির প্রতি সমর্থন জানিয়ে তিনি তাঁর বক্তব্য শেষ করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন