সেপ্টেম্বর ১১, ২০২৬, ০৩:০৫ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে অগ্রাধিকারের ভিত্তিতে সরকারের গুরুত্বপূর্ণ দশটি মন্ত্রণালয়ের বকেয়া অডিট আপত্তি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। একই সঙ্গে যেসব মন্ত্রণালয় বা বিভাগের বাজেট বরাদ্দ তুলনামূলকভাবে বেশি ও অতি গুরুত্বপূর্ণ, সেগুলোতে আর্থিক স্বচ্ছতা যাচাইয়ে স্বাধীন তৃতীয় পক্ষের মাধ্যমে বিশেষ নিরীক্ষা পরিচালনার বিষয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।
বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে বিরোধী দলের উপনেতার কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। সরকারি অর্থের প্রতিটি পয়সার সুষম ব্যবহার ও স্বচ্ছতা নিশ্চিত করাই এই সংসদীয় কমিটির মূল লক্ষ্য।
বৈঠকে অংশ নেন কমিটির সদস্য মো আমানউল্লাহ আমান, হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান, এ কে এম ফজলুল হক মিলন, মো হাফিজ ইব্রাহিম, ডা মো মাহাবুবুর রহমান, এস কে আজিজুল বারী, মো মনজুরুল ইসলাম, মো ফজলে হুদা, মোহাম্মদ জাকির হোসেন, বিরোধী দলের চিফ হুইপ মো নাহিদ ইসলাম এবং সৈয়দ জয়নুল আবেদীন।
সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে প্রশাসনিক জবাবদিহিতা বাড়ানো এবং দুর্নীতি প্রতিরোধে কমিটি কীভাবে আরও বলিষ্ঠ ও কার্যকর ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে সদস্যরা খোলামেলা মতামত তুলে ধরেন। সার্বিক আর্থিক শৃঙ্খলা ও নজরদারি জোরদার রাখতে প্রতি মাসে সরকারি হিসাব কমিটির অন্তত দুটি করে বৈঠক নিয়মিতভাবে আয়োজনের আনুষ্ঠানিক সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন