সেপ্টেম্বর ১১, ২০২৬, ০৮:২৬ পিএম
বগুড়ার শিবগঞ্জে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ব্যক্তিগত গাড়িতে সিমেন্টবোঝাই একটি ট্রাক ধাক্কা দিয়েছে। এতে প্রতিমন্ত্রীর ব্যবহৃত গাড়িটির একটি দরজা আংশিক ক্ষতিগ্রস্ত হয়। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় প্রতিমন্ত্রী মীর শাহে আলম গাড়িতে উপস্থিত ছিলেন না।
মোকামতলা ট্রাফিক পুলিশ ফাঁড়ির পরিদর্শক একেএম বানিউল আনাম জানান, প্রতিমন্ত্রীর গাড়িটি শিবগঞ্জ উপজেলা সদর এলাকা থেকে তাঁর গ্রামের বাড়ি বেতগাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল। পথে সেবা ট্রেডার্স নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে পৌঁছালে সিমেন্ট খালাস করা একটি ট্রাক ঘুরানোর সময় প্রতিমন্ত্রীর গাড়িতে ধাক্কা লাগে। ওই সময় ট্রাকটির মূল চালক গাড়িতে উপস্থিত ছিলেন না। চালকের সহকারী শাকিল ট্রাকটি চালাচ্ছিলেন।
ঘটনার পর পুলিশ ট্রাকসহ চালকের সহকারী শাকিলকে হেফাজতে নেয়। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীনুজ্জামান শাহীন নিশ্চিত করেছেন, ট্রাক ও চালক মো. শাহীনের প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ও লাইসেন্স যাচাই শেষে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় কোনো ধরনের ক্ষতিপূরণ দাবি করেনি প্রতিমন্ত্রীর পরিবার।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন