সেপ্টেম্বর ১২, ২০২৬, ১২:১২ পিএম
উদ্ভাবন মেলা উদ্বোধনের মাধ্যমে দেশীয় প্রযুক্তির বাণিজ্যিক প্রসারে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বিজয় সরণির নভোথিয়েটারে তিন দিনব্যাপী `বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬`-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। দেশীয় উদ্ভাবনকে গবেষণাগার থেকে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং সরাসরি বাজারের সঙ্গে যুক্ত করার আহ্বান জানান সরকারপ্রধান।
চলতি আয়োজনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে `ইনোভেট টু মার্কেট`। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত এই মেলায় দেশীয় উদ্ভাবকদের সঙ্গে নীতিনির্ধারক, উদ্যোক্তা, বিনিয়োগকারী ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যকর অংশীদারিত্ব গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তৃণমূলের উদ্ভাবন যেন তহবিল বা প্রাতিষ্ঠানিক সহায়তার অভাবে হারিয়ে না যায়, সে লক্ষ্যে এই সমন্বয় উদ্যোগ।
মেলায় সরকারি-বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ছাড়াও ৭৩টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় অংশ নিয়েছে। রয়েছে শিক্ষার্থী, স্বতন্ত্র গবেষক, নতুন স্টার্টআপ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান এবং বৈশ্বিক বিনিয়োগকারীদের সক্রিয় উপস্থিতি। প্রযুক্তি, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও পরিবেশ খাতের এক হাজারের বেশি নতুন উদ্ভাবন এখানে তুলে ধরা হয়েছে।
প্রশাসনিক ও আর্থিক প্রতিবন্ধকতা দূর করে উদ্ভাবনের মেধাস্বত্ব সংরক্ষণ এবং বাণিজ্যিক সম্প্রসারণ নিশ্চিত করাই প্রদর্শনীর প্রধান লক্ষ্য হিসেবে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মেলার দ্বিতীয় দিন রোববার স্বাস্থ্যসেবা খাত নিয়ে `সবার জন্য স্বাস্থ্য উদ্ভাবন: সাশ্রয়ী ও অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণ` শীর্ষক একটি বিশেষ আন্তর্জাতিক অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে প্রান্তিক জনগণের দোরগোড়ায় কম খরচে মানসম্মত চিকিৎসা পৌঁছে দেওয়ার প্রযুক্তি নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। আয়োজনে কৌশলগত অংশীদার হিসেবে যুক্ত রয়েছে জাতীয় রাজস্ব বোর্ড, পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর এবং ফরেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। কারিগরি অংশীদার হিসেবে ভূমিকা রাখছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন