সেপ্টেম্বর ১৩, ২০২৬, ০৪:২২ পিএম
গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং জনমানুষের জবাবদিহি নিশ্চিতে শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে তোলার কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। আজ রোববার (১৩ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলির সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন। বৈঠকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও সচিব মো. শহীদুল হাসান উপস্থিত ছিলেন।
তৃণমূল শক্তিশালী না হলে সামগ্রিক গণতন্ত্র সুদৃঢ় হয় না। আলোচনাকালে মন্ত্রী বলেন, বিপুল জনসংখ্যার এই দেশে নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় নিয়ে যেতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নিজস্ব আর্থিক সক্ষমতা বাড়াতে হবে। প্রকৃত ক্ষমতার বিকেন্দ্রীকরণ ছাড়া এই প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করা সম্ভব নয়। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় জনগণের সরাসরি অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে প্রধানমন্ত্রী তারেক রহমান অবিচল রয়েছেন বলেও জানান তিনি।
সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলি দুই দেশের দীর্ঘদিনের সম্পর্কের কথা তুলে ধরে স্থানীয় সরকার প্রশাসনের দক্ষতা ও জবাবদিহি বাড়াতে অভিজ্ঞতা বিনিময়ের আগ্রহ প্রকাশ করেন। আলোচনায় গ্রামীণ নারীদের কর্মসংস্থান ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলার বিষয়গুলো উঠে আসে।
বৈঠক শেষে প্রতিমন্ত্রী মীর শাহে আলম সাংবাদিকদের জানান, তৃণমূলের ক্ষমতায়ন এবং স্থানীয় নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিতে উভয় পক্ষ যৌথভাবে কাজের বিষয়ে একমত হয়েছে। জলবায়ু ঝুঁকির চ্যালেঞ্জ মোকাবিলায় সুইজারল্যান্ডের সহযোগিতা আরও সম্প্রসারিত হবে। মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন