সেপ্টেম্বর ১৪, ২০২৬, ১১:২১ এএম
রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিনব্যাপী সরকারি সফরে সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতির কার্যালয়ের প্রটোকল কর্মকর্তা আবুল কালাম মো. লুৎফুর রহমান স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক চিঠিতে রাষ্ট্রপতির এই সফরসূচির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। রাষ্ট্রপতির এই আগমনকে কেন্দ্র করে সিলেট নগরজুড়ে এখন ব্যাপক প্রশাসনিক ও নাগরিক প্রস্তুতি চলছে।
সিলেটে পৌঁছানোর পর ব্যস্ত সময় পার করবেন রাষ্ট্রপতি। সরকারি সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার বেলা ১১টা ১৫ মিনিটে রাষ্ট্রপতিকে বহনকারী বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। বিমানবন্দর থেকে আনুষ্ঠানিকতা শেষে তিনি সরাসরি সিলেট সার্কিট হাউসে যাবেন। এরপর দুপুর সাড়ে ১২টায় হযরত শাহজালাল (রহ.)-এর মাজার এবং দুপুর ১টা ২৫ মিনিটে হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন তিনি।
পবিত্র এই দুই স্থান জিয়ারতের পর বিকেল সাড়ে ৩টায় সিলেট নগরভবনের সম্মুখ প্রাঙ্গণে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) উদ্যোগে আয়োজিত এক নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন তিনি। দিনব্যাপী সব কর্মসূচি সমাপ্ত করে রাত ৮টায় বিমানযোগে তার ঢাকায় ফেরার কথা রয়েছে। রাষ্ট্রপতির এই সফর নির্বিঘ্ন করতে সিলেট নগরীর বিভিন্ন সড়ক ও মোড়ে নিরাপত্তা এবং পরিচ্ছন্নতা জোরদার করা হয়েছে।
গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নির্মাণ করা হয়েছে সুসজ্জিত তোরণ ও বর্ণিল আলোকসজ্জা। রোববার বিকেলে হযরত শাহপরান (রহ.) মাজারের চলমান উন্নয়ন ও সৌন্দর্যবর্ধন কাজ পরিদর্শন করেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি জানান, নগরীর গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনাগুলোর নিয়মিত উন্নয়নকাজ রাষ্ট্রপতির এই আগমন উপলক্ষে আরও দ্রুত সম্পন্ন করা হচ্ছে।
রাষ্ট্রপতির নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর), পুলিশ, আনসার ও গোয়েন্দা সংস্থার সদস্যরা সার্বক্ষণিক দায়িত্বে নিয়োজিত থাকবেন বলে দিনাজপুর টিভি ডট কম নিশ্চিত করছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন