শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬,

জাতিসংঘে জলবায়ু ইস্যুতে কথা বলবেন প্রধানমন্ত্রী

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৫, ২০২৬, ১১:২৩ পিএম

জাতিসংঘে জলবায়ু ইস্যুতে কথা বলবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে নিজের প্রথম ভাষণে জলবায়ু পরিবর্তনের সংকটকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক আলোচনা সভায় অংশ নিয়ে এই তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আন্তর্জাতিক অঙ্গনে জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠায় জোরালো প্রস্তুতি নিচ্ছে সরকার।

প্রতিমন্ত্রী জানান, সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী আগামী ২১ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। সূচি অনুযায়ী তিনি আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদে ভাষণ দেবেন এবং ২৬ সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন। এ ছাড়া বিশ্বমঞ্চে জলবায়ু ক্ষতিপূরণ ও ন্যায়বিচারের দাবি জোরালো করতে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ সহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামকে কার্যকরভাবে কাজে লাগাবে বাংলাদেশ। আন্তর্জাতিক পরিসরে যোগাযোগ সুদৃঢ় করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথমবারের মতো একটি স্বতন্ত্র ‍‍`জলবায়ু পরিবর্তন অনুবিভাগ‍‍` চালু করা হয়েছে এবং পরিবেশ মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে যৌথ তৎপরতা চলছে।

দুর্যোগের প্রভাব তুলে ধরে শামা ওবায়েদ বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়ছে নারী ও শিশুরা, তাই বৈশ্বিক ফোরামে তাদের সুরক্ষা নিশ্চিতের রূপরেখা জোরালোভাবে তুলে ধরা হবে। একই সাথে প্লাস্টিক দূষণ কমিয়ে জলবায়ু সংকট মোকাবিলায় বাংলাদেশের ঐতিহ্যবাহী পরিবেশবান্ধব পাটজাত পণ্যের ব্যবহার ও সুবিধার কথা আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে উপস্থাপন করার কথা জানান তিনি। 

দেশের ভেতরে সরকারের চলমান বৃক্ষরোপণ ও খাল খনন কর্মসূচি পরিবেশগত ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখছে উল্লেখ করে তিনি বলেন, বৈশ্বিক আলোচনায় এই অভ্যন্তরীণ উদ্যোগগুলোও ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে থাকবে। ব্রাইটার্স, সিপিআরডি ও ওয়াটারকিপার্স বাংলাদেশ যৌথভাবে এই আলোচনা সভার আয়োজন করে।