মো: আব্দুর রাজ্জাক
নভেম্বর ১০, ২০২৫, ১১:১৭ পিএম
দিনাজপুরের কাহারোল উপজেলায় পূর্ব শত্রুতার জেরে কৃষক মো. আজিজুল হকের আবাদকৃত জমির প্রায় ৮০ মণ পাকা আমন ধান কেটে নিয়ে গেছে নামধারী দুর্বৃত্তরা। যার আনুমানিক মূল্য ১ লাখ ৪ হাজার টাকা।
এ ঘটনায় রবিবার (৯ নভেম্বর) বিকেলে কাহারোল থানায় মো. আব্দুল মজিদের ছেলে মো. আজিজুল হক (৪৭) ১৪ জনের নাম উল্লেখ করে একটি এজাহার জমা দিয়েছেন।
এজাহার সূত্রে জানা গেছে, কাহারোল উপজেলার ঈসানপুর এলাকার কৃষক মো. আজিজুল হক তার পৈত্রিক সূত্রে ভোগদখলীয় ৮৪ শতক জমিতে আমন ধান রোপণ করেন। প্রতিদিনের মতো তিনি জমিতে পরিচর্যায় গেলে দেখেন, উপরোক্ত নামধারী দুর্বৃত্তরা জমি নিজেদের দাবি করে বে-দখল করার জন্য রবিবার সকাল ৯টার দিকে বাঁশের লাঠি, দা, কোদাল, ট্রাকসহ জমিতে থাকা পাকা আমন ধান জোরপূর্বক কাটতে শুরু করে।
কৃষক আজিজুল হক ঘটনাস্থলে উপস্থিত হলে বিবাদীদের সাথে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নামধারী দুর্বৃত্তরা আজিজুলকে হুমকি-ধামকি দিয়ে তফশিল বর্ণিত ৮৪ শতক ভোগদখলীয় জমি হতে জোরপূর্বকভাবে প্রায় ৮০ মণ আমন ধান কেটে নিয়ে যায়।
কৃষক আজিজুল হক তার ভোগ দখলকৃত জমির কেটে নেওয়া ৮০ মণ আমন ধান ফেরত চেয়ে দুর্বৃত্তগণের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য থানায় অনুরোধ করেছেন।
এজাহারভুক্ত প্রধান আসামিরা হলেন: মো. ফৌরদল (৫২), মো. আব্দুল রশিদ (৪০), মো. শফিউল আলম (৪৫), মো. আফিজ উদ্দীন (৫৭), মো. কামরুল (৪০) ও মো. রাকিব (২৮) সহ আরও ৮ জন।