নভেম্বর ১৪, ২০২৬, ০৯:৫৪ এএম
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা একসঙ্গে দেখা সম্ভব হয় না। নিজের সময় ও পছন্দ অনুযায়ী খেলা উপভোগ করতে অনেকেই শিডিউল খোঁজেন। আজকের দিনে ফুটবল ও ক্রিকেটে বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। বিশেষ করে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে আজ মাঠে নামছে বাংলাদেশ।
আজকের ক্রীড়া সূচির সবচেয়ে বড় আকর্ষণ সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল ম্যাচগুলো। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও ভুটান। ম্যাচটি বিকেল ৩টায় শুরু হবে এবং সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। দিনের দ্বিতীয় ও সবচেয়ে গুরুত্বপূর্ণ সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি রাত সাড়ে আটটায় শুরু হবে এবং টি স্পোর্টসে সরাসরি দেখা যাবে।
ফুটবলের পাশাপাশি আজ রোমাঞ্চ ছড়াবে উয়েফা নেশনস লিগের ম্যাচগুলো। রাত আটটায় কসোভো খেলবে ইসরায়েলের বিপক্ষে। রাত ১১টায় নরওয়ের মুখোমুখি হবে ওয়েলস এবং জর্জিয়া খেলবে হাঙ্গেরির সঙ্গে। রাত ১টা ৪৫ মিনিটে মাঠে নামবে পর্তুগাল ও ডেনমার্ক। একই সময়ে নর্দার্ন আয়ারল্যান্ড বনাম ইউক্রেন এবং রোমানিয়া বনাম পোল্যান্ড ম্যাচগুলো অনুষ্ঠিত হবে, যা সনি টেন চ্যানেলে দেখা যাবে।
ক্রিকেটপ্রেমীদের জন্যও রয়েছে বড় ম্যাচ। অ-১৯ এশিয়া কাপের ফাইনালে আজ ঐতিহ্যবাহী দ্বৈরথে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। ম্যাচটি বেলা ১১টায় শুরু হবে এবং টি স্পোর্টস ও সনি স্পোর্টস ১-এ সরাসরি সম্প্রচার করা হবে। এ ছাড়া শারজা টেস্টের দ্বিতীয় দিনে মুখোমুখি হবে আফগানিস্তান ও জিম্বাবুয়ে। ম্যাচটি দুপুর ১২টায় শুরু হয়ে ট্যাপম্যাডে দেখা যাবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন