অক্টোবর ২৩, ২০২৬, ০৯:৫৪ পিএম
পেশাদার ফুটবল ক্যারিয়ারে এক হাজার গোলের অনন্য মাইলফলকের দিকে আরও এক ধাপ এগিয়ে গেলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। আল ফয়সালির মাঠে অনুষ্ঠিত ম্যাচে আল নাসরের ৩-১ গোলের জয়ে লক্ষ্যভেদ করেছেন রোনালদো। এর মাধ্যমে স্বীকৃত অফিসিয়াল ম্যাচে তার মোট গোলসংখ্যা পৌঁছেছে ৯৮২টিতে। চার দশকের গণ্ডি পেরিয়ে ৪১ বছর বয়সে দাঁড়িয়েও ইতিহাসের পাতায় নাম লেখানোর এই ঐতিহাসিক স্পর্শরেখা থেকে তিনি এখন মাত্র ১৮ গোল দূরে।
আজকের এই গোলের পর ক্লাব ক্যারিয়ারে এক হাজার ১০৯টি অফিশিয়াল ম্যাচে রোনালদোর মোট গোলসংখ্যা দাঁড়াল ৮৩৬টিতে। অন্যদিকে পর্তুগাল জাতীয় দলের জার্সিতে ২৩৪ ম্যাচে তার গোলসংখ্যা ১৪৬টি।
ক্লাব ক্যারিয়ারে তার করা গোলগুলোর পরিসংখ্যানও বেশ বৈচিত্র্যময়। পর্তুগালের স্পোর্টিং লিসবনের হয়ে তিনি করেছিলেন ৫টি গোল। এরপর ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে তার পা থেকে আসে ১৪৫টি গোল। স্প্যানিশ পরাশক্তি রিয়াল মাদ্রিদের হয়ে সর্বোচ্চ ৪৫০টি গোল করেন তিনি। ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের হয়ে তার ঝুলিতে জমা হয় ১০১টি গোল। আর সৌদি আরবের বর্তমান ক্লাব আল নাসরের হয়ে এ পর্যন্ত তিনি ১৩৪টি গোল উদযাপন করেছেন।
চলতি মৌসুমে আল নাসরের জার্সিতে দুর্দান্ত ফর্মে থেকে ইতোমধ্যে ৬টি গোল আদায় করে নিয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা। এর মধ্যে ৫টি গোল এসেছে ঘরোয়া সৌদি প্রো লিগে এবং বাকি ১টি এসেছে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে।
আল ফয়সালির বিপক্ষে ম্যাচে সতীর্থ জোয়াও ফেলিক্সের বাড়ানো পাস নিখুঁত দক্ষতায় জালে জড়িয়ে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে নেন তিনি। ম্যাচে আল নাসরের হয়ে বাকি দুটি গোল করেন আল হামদান ও অ্যাঞ্জেলো। অন্যদিকে আল ফয়সালির হয়ে ব্যবধান কমানো একমাত্র গোলটি করেন বোঙ্গোন্দা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন