অক্টোবর ১, ২০২৬, ০৭:৩৫ পিএম
ফিফা আসিয়ান কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রথমার্ধেই ছয় গোল হজম করে চরম বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। বৃহস্পতিবারের এই ম্যাচে স্বাগতিকদের মাঠে বিরতিতে যাওয়ার আগেই ৬-১ গোলের বিশাল ব্যবধানে পিছিয়ে পড়েন থমাস ডুলির শিষ্যরা।
টানা দুই ম্যাচ হেরে আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার শঙ্কায় থাকা লাল-সবুজের প্রতিনিধিরা শেষ ম্যাচে এসেও রক্ষা পাননি। ইন্দোনেশিয়ার একের পর এক আক্রমণে এলোমেলো হয়ে পড়ে বাংলাদেশের রক্ষণভাগ। ম্যাচের ১১তম মিনিটে প্রথম গোল পায় স্বাগতিক ইন্দোনেশিয়া। সতীর্থ ওলে রোমেনির বাড়ানো পাসে বল জালে পাঠান ইন্দোনেশিয়ার ফরোয়ার্ড লে বেকার। এরপর ম্যাচের ২০তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন এই খেলোয়াড়। এর ১২ মিনিট পর রিজকি রিদোর বাড়ানো পাসে তৃতীয় গোলটি আদায় করে স্বাগতিক দল।
ম্যাচের ৩৬তম মিনিটে একটি গোল পরিশোধ করে কিছুটা ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছিল বাংলাদেশ। সুকির মাপা ক্রস থেকে বক্সে ভেসে আসা বলে দুর্দান্ত এক হেডে বল জালে পাঠান শাহরিয়ার ইমন। তবে সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হয়নি। পরের মিনিটেই অর্থাৎ ৩৭তম মিনিটে লে বেকার নিজের হ্যাটট্রিক পূর্ণ করে স্কোরলাইন ৪-১ করেন। ৪২তম মিনিটে এই ফরোয়ার্ড নিজের চতুর্থ গোলের দেখা পান। আর প্রথমার্ধের যোগ করা অতিরিক্ত সময়ে ইন্দোনেশিয়ার ডিফেন্ডার হাবনার দলের হয়ে ষষ্ঠ গোলটি করেন। ফলে প্রথমার্ধ শেষ হয় ৬-১ ব্যবধানে।
এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে জামাল ভূঁইয়ারা কিছুটা লড়াই করলেও শেষ পর্যন্ত ১-০ ব্যবধানে মাঠ ছাড়তে হয়েছিল।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন