বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬,

সিংড়ায় কৃষিজমি থেকে কচুরিপানা অপসারণ শুরু হয়েছে

কৃষি ডেস্ক

অক্টোবর ১, ২০২৬, ০৭:৪৫ পিএম

সিংড়ায় কৃষিজমি থেকে কচুরিপানা অপসারণ শুরু হয়েছে

নাটোরের সিংড়া উপজেলার চলনবিল এলাকায় বর্ষার পানিতে উজান থেকে ভেসে এসে কৃষিজমিতে জমে থাকা বিপুল পরিমাণ কচুরিপানা অপসারণের কাজ শুরু হয়েছে। আধুনিক কচুরিপানা কাটার যন্ত্রের সাহায্যে এই পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

বুধবার বিকেলে উপজেলার সিংড়া পয়েন্ট এলাকায় কৃষিজমি থেকে এই কচুরিপানা অপসারণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত।

বর্ষা মৌসুমে উজান থেকে ভেসে আসা বিপুল পরিমাণ কচুরিপানা চলনবিলের বিভিন্ন ফসলি জমিতে জমে থাকে। এতে জমিতে স্বাভাবিক চাষাবাদ মারাত্মকভাবে ব্যাহত হয়। কৃষকদের দীর্ঘদিনের এই সমস্যা দূর করতে নাটোর-৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর ব্যবস্থাপনায় এবং তার দেওয়া বিশেষ কচুরিপানা কাটার যন্ত্রের মাধ্যমে এই অপসারণ উদ্যোগ নেওয়া হয়েছে।

জমিতে চাষাবাদের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা বিএনপির সদস্যসচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন সাখা, উপজেলা বিএনপির সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান শামীম হোসেন, উপজেলা ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন, উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন এবং সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী কাজল সরকার।