অক্টোবর ১, ২০২৬, ০৭:৩০ পিএম
মালয়েশিয়ায় কর্মরত বিদেশি শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি বৃদ্ধি করে দুই হাজার রিঙ্গিত নির্ধারণের একটি প্রস্তাব নিয়ে সরকারের নীতি-নির্ধারণী পর্যায়ে আনুষ্ঠানিক পর্যালোচনা চলছে। বর্তমানে দেশটিতে কর্মীদের ন্যূনতম মূল বেতন এক হাজার ৭০০ রিঙ্গিত, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫১ হাজার টাকার সমান। সরকারি পর্যায়ে প্রক্রিয়াধীন এই প্রস্তাবটি চূড়ান্তভাবে কার্যকর হলে প্রবাসী কর্মীদের মাসিক ন্যূনতম উপার্জন বেড়ে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০ হাজার টাকায় দাঁড়াবে।
জোহর রাজ্যের ক্লুয়াং জেলায় এক সরকারি পরিদর্শনে গিয়ে এ সংক্রান্ত নীতিগত অগ্রগতি তুলে ধরেন দেশটির অর্থমন্ত্রী আকমল নাসরুল্লাহ মোহাম্মদ নাসির।পুলিশ সদর দপ্তরের আবাসন এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে অর্থমন্ত্রী উল্লেখ করেন যে সরকার এমনভাবে এই বেতন কাঠামো নির্ধারণ করতে চাইছে যাতে সাধারণ শ্রমিকদের জীবনমানের সুরক্ষা নিশ্চিত হয় এবং একই সাথে ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তারা কোনো বাড়তি আর্থিক সংকটে না পড়েন।
দেশটির শীর্ষ গণমাধ্যম দ্য স্টার জানিয়েছে যে দুই হাজার রিঙ্গিতের এই প্রস্তাবটি এখনো মন্ত্রিসভা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক চূড়ান্ত অনুমোদন পায়নি। অর্থমন্ত্রী জানান যে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ২০২৭ সালের বাজেট উপস্থাপনকালে এ সংক্রান্ত আনুষ্ঠানিক সিদ্ধান্ত জাতির সামনে তুলে ধরা হতে পারে।এদিকে প্রস্তাবিত মজুরির অঙ্ক নিয়ে সরকার এখনও কোনো একক সিদ্ধান্তে পৌঁছায়নি বলে সতর্ক করেছেন নীতিনির্ধারকরা।
মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী রামানান রামাকৃষ্ণান জানিয়েছেন যে দুই হাজার, দুই হাজার একশত কিংবা দুই হাজার দুইশত রিঙ্গিত এর কোনো নির্দিষ্ট পরিমাণই এখন পর্যন্ত সরকারের নীতিগত অনুমোদন পায়নি। ফলে প্রবাসী শ্রমিকদের বর্ধিত ন্যূনতম মজুরি ঠিক কত হবে এবং এটি ঠিক কবে থেকে কার্যকর রূপ পাবে, তা জানতে সরকারি গেজেট ও বাজেট ঘোষণা পর্যন্ত আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন