বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬,
জাতীয় সংসদ

সিন্ডিকেটের কারণে কয়েকটি দেশে কর্মী পাঠানো প্রায় বন্ধ হয়েছিল: প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক

নভেম্বর ১৮, ২০২৬, ০৫:১৬ পিএম

সিন্ডিকেটের কারণে কয়েকটি দেশে কর্মী পাঠানো প্রায় বন্ধ হয়েছিল: প্রধানমন্ত্রী

বিদেশে কর্মী পাঠানোর নামে প্রতারণা ও অর্থ আত্মসাৎ করা সিন্ডিকেটগুলোকে চিহ্নিত করে সরকার আইনের আওতায় আনার চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সিন্ডিকেটের সমস্যার কারণে অতীতে কয়েকটি দেশে বাংলাদেশ থেকে কর্মী পাঠানো প্রায় বন্ধ বা স্থগিত হয়ে গিয়েছিল।

বুধবার বিকেলে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে প্রধানমন্ত্রীর নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য কামরুল হাসান চৌধুরীর এক সম্পূরক প্রশ্নের জবাবে সরকারপ্রধান এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সিন্ডিকেটের মাধ্যমে মানুষকে ঠকিয়ে বিদেশে পাঠানোর নামে অর্থ আত্মসাতের ঘটনা ঘটেছে। পলাতক স্বৈরাচারের আমলে তাদের লোকজন এভাবে দেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছে। এসব কারণে কয়েকটি দেশ বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া প্রায় বন্ধ রেখেছিল। কোনো কোনো ক্ষেত্রে শ্রমিক নেওয়া স্থগিত অথবা কমিয়ে দিয়েছিল।

মালয়েশিয়ার শ্রমবাজার প্রসঙ্গে তিনি জানান, বাংলাদেশ থেকে বহু শ্রমিক অতীতে মালয়েশিয়ায় গেছেন। কয়েক দিন আগে প্রবাসী শ্রমবিষয়ক মন্ত্রী জানিয়েছেন, মালয়েশিয়ার সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে সফলভাবে এ সমস্যার সমাধান করা হয়েছে। শুধু তা-ই নয়, যাতায়াতের ক্ষেত্রে সামান্য কিছু খরচ ছাড়া প্রায় বিনা খরচে ১০ হাজার মানুষকে মালয়েশিয়ায় পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এই ১০ হাজারের মধ্যে বিগত স্বৈরাচারের আমলে গুম-খুনের শিকার এবং ২০২৪ সালের আন্দোলনে শহীদ বা হতাহত হয়েছেন, এমন পরিবারের প্রায় এক হাজার মানুষকে অগ্রাধিকার ভিত্তিতে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

মধ্যপ্রাচ্যের শ্রমবাজার নিয়ে প্রধানমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের সঙ্গে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা চলছে। কয়েকটি দেশ ইতিমধ্যে জানিয়েছে, তারা নতুন করে বাংলাদেশ থেকে গাড়িচালকসহ বিভিন্ন খাতের কর্মী নেবে।

সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, সরকার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে, যারা এসব সিন্ডিকেটের মাধ্যমে সাধারণ মানুষকে ঠকিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে, তাদের সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে আইনের আওতায় আনতে।

বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কোনো প্রণোদনা দেওয়া সম্ভব কি না—সংসদ সদস্যের এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, মাননীয় সংসদ সদস্য একটি প্রণোদনার কথা উত্থাপন করেছেন। তবে এই অর্থের উৎস বা তহবিল কোথা থেকে আসবে, তা স্পষ্ট নয়। সংসদ সদস্য বিষয়টি পরিষ্কারভাবে ব্যাখ্যা করতে পারলে সরকারের পক্ষ থেকে পরবর্তীতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের কথা বিবেচনা করা যেতে পারে।

এর আগে সম্পূরক প্রশ্নে ওই সংসদ সদস্য বলেন, বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে দালাল ও প্রতারকদের খপ্পরে পড়ে অনেক মানুষ নিঃস্ব হচ্ছেন। অনেকে ১০ থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত খরচ করে ভুয়া ভিসায় বিদেশে যাওয়ায় চরম বিপদে পড়ছেন। সরকার সরাসরি হস্তক্ষেপ করে যদি নির্দিষ্ট দেশে কর্মী সংখ্যা ও অভিবাসন ব্যয় নির্ধারণ এবং তা প্রকাশ করে, তবে সাধারণ মানুষ রক্ষা পাবে। তিনি আরও বলেন, সরকার যদি খরচ বেঁধে দেয় এবং প্রয়োজনে আর্থিক সহায়তা বা প্রণোদনা দেয়, তবে গ্রামের সাধারণ মানুষ জমি বিক্রি বা চড়া সুদে ঋণ নিয়ে অতিরিক্ত টাকা খরচ করতে বাধ্য হবেন না। এ ক্ষেত্রে সাধারণ রিকশাচালকের সন্তানরাও মাত্র দুই থেকে আড়াই লাখ টাকায় বিদেশে যাওয়ার সুযোগ পেতে পারেন। এ বিষয়ে সরকারের সরাসরি হস্তক্ষেপ কামনা করেন তিনি।