নভেম্বর ১৮, ২০২৬, ০৪:৪৪ পিএম
রোহিঙ্গা সংকটের সমাধানে বাংলাদেশ ও আন্তর্জাতিক অংশীদারদের একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গি গ্রহণের আহ্বান জানিয়েছেন মিয়ানমারে মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার কেলি কারি। একইসঙ্গে আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোকে রোহিঙ্গাদের জন্য সহায়তা বাড়ানোরও আহ্বান জানান তিনি।
বুধবার ঢাকায় জাতিসংঘ অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। কেলি কারি বলেন, মিয়ানমারে চলমান সহিংসতা, দমন-পীড়ন এবং অধিকার থেকে পরিকল্পিতভাবে বঞ্চিত করার কারণে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা ও অন্যান্য শরণার্থী এখনো নিরাপদে নিজ দেশে ফিরে যেতে পারছেন না। শরণার্থী ক্যাম্পগুলোতে নিরাপত্তাহীনতা বৃদ্ধি, মানবিক সহায়তা হ্রাস এবং মিয়ানমারে চলমান সংঘাতের কারণে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তিনি বলেন, রোহিঙ্গা সংকটের সমাধানে বাংলাদেশ ও আন্তর্জাতিক অংশীদারদের একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে। রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর সমস্যাকে আলাদা ও সাময়িক হিসেবে না দেখে, সামগ্রিক এবং পরস্পর সম্পর্কযুক্ত সংকট হিসেবে বিবেচনা করতে হবে। এ ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থসহ সব জনগোষ্ঠীর কল্যাণে সমন্বিত নীতিগত উদ্যোগ প্রয়োজন।
বিশেষ র্যাপোর্টিয়ার জানান, বাংলাদেশের নবনির্বাচিত সরকার রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের লক্ষ্যে একটি সামগ্রিক কৌশল প্রণয়নের জন্য একটি বিশেষ কমিটি গঠন করেছে। শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ভবিষ্যৎ পরিস্থিতি বিবেচনায় রেখে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। পাঁচ সপ্তাহ, পাঁচ মাস কিংবা পাঁচ বছর পর প্রত্যাবাসনের সুযোগ তৈরি হোক, যে কোনো পরিস্থিতিতে যেন সংশ্লিষ্ট জনগোষ্ঠী প্রস্তুত থাকে, সে জন্য বিদ্যমান ব্যবস্থাগুলোর সক্ষমতা বাড়ানো জরুরি।
তিনি বলেন, মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক, বিশেষ করে রাখাইন রাজ্যে তীব্র লড়াইয়ের পাশাপাশি বেসামরিক নাগরিক ও তাদের অবকাঠামোর ওপর প্রাণঘাতী হামলা অব্যাহত রয়েছে। রোহিঙ্গা এবং অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠী নাইপিদোর কর্তৃপক্ষ ও আরাকান আর্মি উভয়ের নিয়ন্ত্রণাধীন এলাকাতেই দমন-পীড়নের শিকার হচ্ছে। এই পরিস্থিতির কারণে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন অসম্ভব হয়ে পড়েছে এবং আরও বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে।
আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর সহায়তা কমে যাওয়ায় রোহিঙ্গা সংকট আরও জটিল হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। বিশেষ করে সুরক্ষা, শিক্ষা, জীবিকায়ন সহায়তা এবং জরুরি নয় এমন স্বাস্থ্যসেবায় অর্থায়ন কমে যাওয়ায় পরিস্থিতির অবনতি হয়েছে। শুধু জীবন রক্ষাকারী জরুরি সহায়তার ওপর গুরুত্ব দেওয়ার ফলে সংকটের অন্যান্য গুরুত্বপূর্ণ দিক উপেক্ষিত হচ্ছে। কেলি কারি বলেন, সহায়তা আরও কমানো হলে এমন একটি তরুণ প্রজন্ম তৈরি হওয়ার ঝুঁকি রয়েছে, যাদের সামনে কোনো আশা থাকবে না এবং হারানোরও কিছু থাকবে না।
তিনি বলেন, কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে নিরাপত্তাহীনতার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নারী ও শিশুরা। শিবিরগুলোতে লিঙ্গভিত্তিক সহিংসতা এবং শিশুদের বিরুদ্ধে গুরুতর অপরাধ বাড়ছে। শরণার্থী ক্যাম্পগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা দরকার। এর মধ্যে রয়েছে অননুমোদিত সশস্ত্র গোষ্ঠী ও অপরাধী চক্রগুলোকে অপসারণ এবং তাদের নিরস্ত্রীকরণ করা। বাংলাদেশে শরণার্থী ক্যাম্প এবং স্থানীয় জনগোষ্ঠী উভয়ই যে মানবিক, অর্থনৈতিক ও নিরাপত্তাজনিত চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে, তার সঙ্গে রাখাইন রাজ্যে চলমান সশস্ত্র সংঘাতের গভীর যোগসূত্র রয়েছে।
মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার দায়ের করা গণহত্যা মামলায় আন্তর্জাতিক বিচার আদালত রায় প্রদান করবে উল্লেখ করে তিনি বলেন, এই রায় জবাবদিহিতার পথে একটি পদক্ষেপ হতে পারে।
উল্লেখ্য, ১১ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ সফরে এসেছেন জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার কেলি কারি। আগামী ২০২৭ সালের মার্চে জাতিসংঘের মানবাধিকার পরিষদের অধিবেশনে বাংলাদেশ সফর নিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন উপস্থাপন করবেন তিনি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন