অক্টোবর ২৩, ২০২৬, ০৯:৩৯ পিএম
কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপে নিজেদের উদ্বোধনী ম্যাচেই বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ নারী কাবাডি দল। শুক্রবার ভারতের আহমেদাবাদের বীর সাভারকর স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত ম্যাচে কেনিয়ার কাছে ৩৪-২৫ পয়েন্টের ব্যবধানে হেরে মাঠ ছাড়ে লাল-সবুজ প্রতিনিধিরা।
আইচি-নাগোয়া এশিয়ান গেমসের ব্যর্থতা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে খেলতে নেমেছিল বাংলাদেশ। তবে আগ্রাসী কেনিয়ার সামনে দাঁড়াতেই পারেনি দলের খেলোয়াড়েরা।
ম্যাচের মূল পার্থক্য গড়ে দেন কেনিয়ার দীর্ঘদেহী রেইডার লাভেন্দা ওধিয়ামবো। পুরো ম্যাচে তিনি একাই তুলে নেন ২৫ পয়েন্ট, যা পুরো বাংলাদেশ দলের অর্জিত মোট পয়েন্টের সমান এবং কেনিয়ার দলীয় পয়েন্টের প্রায় তিন-চতুর্থাংশ। তার ক্ষিপ্র আক্রমণের মুখে চরম বিপর্যয়ে পড়ে বাংলাদেশের রক্ষণভাগ। পুরো ম্যাচে চারবার অলআউট হয় লাল-সবুজ দল। প্রথমার্ধের খেলা শেষে ১২-৭ পয়েন্টে এগিয়ে ছিল কেনিয়া।
বাংলাদেশের পক্ষে আঞ্জুয়ারা রাত্রি ও শ্রাবণী মল্লিক সাত পয়েন্ট করে সংগ্রহ করেন। এ ছাড়া বৃষ্টি বিশ্বাস পান পাঁচ পয়েন্ট। আক্রমণভাগে প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করতে না পারলেও মূলত বোনাস পয়েন্টের ওপর ভর করে ব্যবধান কিছুটা কমানোর চেষ্টা করে দল। তবে রেইডে দুর্বলতা এবং প্রতিপক্ষের রেইডারদের আটকাতে চরম ব্যর্থতার খেসারত দিতে হয় পুরো দলকে।
অথচ সাম্প্রতিক অতীতে আন্তর্জাতিক মঞ্চে ইতিবাচক ধারায় ছিল এই দলটিই। ২০২৫ সালে এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপ ও নারী কাবাডি বিশ্বকাপ থেকে প্রথমবারের মতো পদক জিতেছিল তারা। এর পাশাপাশি এশিয়ান বিচ গেমস ও যুব এশিয়ান গেমসেও পদক জয়ের কৃতিত্ব দেখিয়েছিল বাংলাদেশ।
এই হারের পরও টুর্নামেন্টে টিকে থাকার সুযোগ পুরোপুরি শেষ হয়ে যায়নি। আসরের নারী বিভাগে অংশ নেওয়া দশটি দেশকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলাদেশ খেলছে ‘বি’ গ্রুপে। এই গ্রুপে কেনিয়া ছাড়াও বাকি প্রতিদ্বন্দ্বী দলগুলো হলো ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড। গ্রুপের বাকি দলগুলোর বিপক্ষে আরও তিনটি ম্যাচ খেলার সুযোগ পাবে লাল-সবুজরা।
টুর্নামেন্টে ইরান, চাইনিজ তাইপে, থাইল্যান্ড কিংবা নেপালের মতো শক্তিশালী দলগুলো অংশ না নেওয়ায় পদক জয়ের পথ তুলনামূলক সহজ বলে মনে করা হচ্ছে। পরবর্তী ম্যাচগুলোতে ইতিবাচক ফল এনে পদকের লড়াইয়ে ফেরার সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে।
এদিকে মাঠের খেলার পাশাপাশি ফেডারেশনের প্রাতিষ্ঠানিক সমন্বয়হীনতাও আলোচনায় এসেছে। প্রতিযোগিতা শুরুর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কর্মকর্তাদের ব্যাপক সক্রিয়তা লক্ষ্য করা গেলেও, ম্যাচ শেষ হওয়ার তিন ঘণ্টা পার হলেও ফেডারেশন থেকে আনুষ্ঠানিক কোনো ফলাফল ও তথ্য জানানোর উদ্যোগ দেখা যায়নি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন