শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,
আবহাওয়ার পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা বাড়ার পূর্বাভাস সাগরে নতুন লঘুচাপের শঙ্কা

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২২, ২০২৬, ১১:১৫ পিএম

বৃষ্টিপাতের প্রবণতা বাড়ার পূর্বাভাস সাগরে নতুন লঘুচাপের শঙ্কা

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিনের মধ্যে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী রোববার থেকে চট্টগ্রাম বিভাগ এবং সোমবার থেকে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। একই সাথে বঙ্গোপসাগরে নতুন একটি লঘুচাপ সৃষ্টি হয়ে তা ঘনীভূত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টা বা পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য নিশ্চিত করেছে সংস্থাটি। সাগরে তৈরি হচ্ছে নতুন লঘুচাপ।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, তামিলনাড়ু উপকূলের অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে কমোরিন ও তৎসংলগ্ন দক্ষিণ তামিলনাড়ু উপকূলীয় এলাকায় অবস্থান করছে। এরই মধ্যে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় নতুন করে আরেকটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে, যা পরবর্তীতে আরও ঘনীভূত হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ছয়টা পর্যন্ত সারা দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে এবং সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময় দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

শনিবার সন্ধ্যা ছয়টা থেকে রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যা ছয়টার মধ্যে চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

পরদিন রোববার সন্ধ্যা থেকে সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ছয়টার মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর বাইরে অন্যান্য অংশে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকবে।

বর্ধিত পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনের শেষভাগে দেশের অবশিষ্টাংশ বা অন্যান্য বিভাগেও বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে। সাগরে সৃষ্টি হতে যাওয়া নতুন লঘুচাপের গতিপ্রকৃতির ওপরই পরবর্তী পরিস্থিতির তীব্রতা নির্ভর করছে।