বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,
সাইবার নিরাপত্তা সতর্কতা

সাইবার হামলার শঙ্কায় উচ্চসতর্কতা জারি করল বিজিডি ই-গভ সার্ট

তথ্যপ্রযুক্তি ডেস্ক

অক্টোবর ২২, ২০২৬, ০৯:৫৫ পিএম

সাইবার হামলার শঙ্কায় উচ্চসতর্কতা জারি করল বিজিডি ই-গভ সার্ট

সতর্কতা জারি

ইন্টারনেটের অন্যতম প্রধান প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর বাংলাদেশে বড় ধরনের সাইবার হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে সরকার।

সরকারি ও বেসরকারি তথ্য পরিকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের বিশেষায়িত কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম বিজিডি ই-গভ সার্ট (BGD e-GOV CIRT) এই উচ্চসতর্কতা ঘোষণা করেছে। আন্তর্জাতিকভাবে এই ত্রুটি ছড়িয়ে পড়ার পর সতর্কতা হিসেবে কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকসহ দেশের একাধিক বাণিজ্যিক ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় শনাক্ত হওয়া এই ত্রুটির সুযোগ নিয়ে দুর্বৃত্তরা দূরবর্তী স্থান থেকেই ব্যবহারকারীর নাম ও পাসওয়ার্ড ব্যবহারের মাধ্যমে সরাসরি ওয়েব সার্ভারে প্রবেশ করে ধ্বংসাত্মক কোড কার্যকর করতে সক্ষম। এতে সার্ভারের পূর্ণ নিয়ন্ত্রণ ছিনিয়ে নেওয়ার পাশাপাশি স্পর্শকাতর তথ্য চুরির মারাত্মক হুমকি তৈরি হয়েছে।

সার্ভার দখলের ঝুঁকিতে সরকারি বাতায়ন ও ব্যাংক।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সার্টের পক্ষ থেকে জারি করা সতর্কবার্তায় উল্লেখ করা হয়, চিহ্নিত হওয়া এই দুর্বলতা দুটি আন্তর্জাতিকভাবে ‘পিএইচপি২শেল’ নামে পরিচিত। ত্রুটি দুটির প্রাতিষ্ঠানিক পরিচিতি নম্বর হলো সিভিই-২০২৬-১০৯৬১৮ এবং সিভিই-২০২৬-১০৯৬১৯। আন্তর্জাতিক মূল্যায়ন সূচক সিভিএসএস স্কেলে এর বিপজ্জনক মাত্রা নির্ধারণ করা হয়েছে ১০ এর মধ্যে ৯ দশমিক ২, যা চরম পর্যায়ের নিরাপত্তা ঝুঁকি নির্দেশ করে।

সার্টের কারিগরি ব্যাখ্যায় জানানো হয়েছে, পিএইচপির মেমোরি সংরক্ষণ ও তথ্য ব্যবস্থাপনা কাঠামোর দুর্বলতা থেকে এই সংকট তৈরি হয়েছে। কম্পিউটার কোনো নির্দিষ্ট প্রক্রিয়া সম্পাদনকালে সাময়িকভাবে তথ্য ধরে রাখে; কিন্তু প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরও সেই তথ্য মেমোরি থেকে সম্পূর্ণ নিষ্কাশন না হলে ক্ষতিকর এইচটিটিপি অনুরোধ পাঠিয়ে সার্ভারে অনুপ্রবেশের পথ উন্মুক্ত হয়।

এই পরিস্থিতিতে পিএইচপির ওপর পরিচালিত একাধিক আধুনিক প্রযুক্তি সর্বাধিক ঝুঁকিতে পড়েছে। এর মধ্যে পিএইচপি-এফপিএম, অ্যাপাচির মড_পিএইচপি, পিএইচপি-সিজিআই, ফ্র্যাঙ্কেনপিএইচপি এবং লাইটস্পিড প্ল্যাটফর্ম উল্লেখযোগ্য। এ ছাড়া ডকার কন্টেইনার কিংবা শেয়ার্ড হোস্টিং ব্যবস্থার আওতায় পরিচালিত সরকারি বাতায়ন, বাণিজ্যিক ব্যাংক, ই-কমার্স পোর্টাল এবং ওয়ার্ডপ্রেস ও লারাভেলভিত্তিক সমস্ত ওয়েবসাইট সরাসরি এই হুমকির মুখে অবস্থান করছে।

সার্ট সতর্ক করেছে যে সফল সাইবার অনুপ্রবেশ ঘটলে সার্ভার অচল হয়ে পড়ার পাশাপাশি ডেটাবেজের পাসওয়ার্ড ফাঁস, সংরক্ষিত ফাইল চুরি এবং অন্যান্য অনলাইন সেবার সংবেদনশীল গোপন সংকেত বা এপিআই কি বেহাত হতে পারে।

এই বিপর্যয় ঠেকাতে অবিলম্বে সার্ভারের মূল পিএইচপি রানটাইম নিরাপদ সংস্করণে হালনাগাদ করার নির্দেশ দিয়েছে সার্ট। অনুমোদিত নিরাপদ সংস্করণগুলো হলো ৮ দশমিক ৫ দশমিক ১২, ৮ দশমিক ৪ দশমিক ২৭, ৮ দশমিক ৩ দশমিক ৩৬ এবং ৮ দশমিক ২ দশমিক ৩৫। শুধু অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্ক হালনাগাদ যথেষ্ট নয়, সার্ভারে চালিত মূল পিএইচপি পরিবেশ হালনাগাদ হয়েছে কি না তা পরীক্ষা করে দেখা আবশ্যক।

যেসব প্রতিষ্ঠান তাৎক্ষণিকভাবে এই প্যাচ প্রয়োগ করতে পারছে না, তাদের জন্য সাময়িকভাবে সার্ভারকে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএনের সুরক্ষায় রাখা, অনুমোদিত নির্দিষ্ট আইপি ব্যতীত বাইরের প্রবেশাধিকার স্থগিত করা এবং সার্ভার লগ নিয়মিত পর্যবেক্ষণের পরামর্শ দিয়েছে বিজিডি ই-গভ সার্ট।