অক্টোবর ২২, ২০২৬, ০৯:৪৬ পিএম
মাদকের সঙ্গে কোনো নেতা যদি জড়িয়ে পড়েন, কিংবা নারী কেলেঙ্কারি ও কোনো অপকর্মে লিপ্ত হন, তবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) তার কোনো স্থান হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
লক্ষ্মীপুরে আয়োজিত এক রাজনৈতিক সমাবেশে তিনি এই কড়া বার্তা দেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার চরশাহী ইউনিয়নের তিতারকান্দি ফাজিল মাদ্রাসা মাঠে আয়োজিত মহিলা দলের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি স্পষ্ট ভাষায় বলেন, কোনো নেতা যদি মাদক, নারী সংক্রান্ত অনৈতিক কর্মকাণ্ড ও যেকোনো অপকর্মের সঙ্গে সম্পৃক্ত হন, তবে বিএনপিতে তার বিন্দুমাত্র জায়গা থাকবে না। তারেক রহমানের শাসনামলে এবং লক্ষ্মীপুরে এ্যানি চৌধুরী নির্বাচিত প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করা অবস্থায় এই ধরনের অপকর্মের কোনো সুযোগ স্থানীয় রাজনীতিতে দেওয়া হবে না।
যুবদলের ভবিষ্যৎ নেতৃত্ব ও সাংগঠনিক আচরণ নিয়েও তিনি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন।
তিনি উল্লেখ করেন, এজন্য যোগ্য ও ভালো মানুষদেরই যুবদলের নেতৃত্বে নিয়ে আসা হবে। তিনি বলেন, যুবদলের নেতাগিরি করবেন আর কেউ লোহালক্কড় ও পেশিশক্তি প্রদর্শন করে দল ভারী করার চেষ্টা করবেন—সেই দিন এখন শেষ হয়ে গেছে। লক্ষ্মীপুরের মাটিতে লোহালক্কড়ের রাজনীতি আর চলতে দেওয়া হবে না।
আওয়ামী লীগের সাবেক নেতাকর্মীদের সঙ্গে যোগসাজশ করে ফায়দা লোটার চেষ্টার বিরুদ্ধেও সতর্ক করেন তিনি। তিনি বলেন, কোনো ধরনের অপকর্মের সঙ্গে যদি কেউ জড়িত হয় অথবা আওয়ামী লীগের আগের লোকজনের সঙ্গে হাত মিলিয়ে অবৈধ আর্থিক সুযোগ নেওয়ার চেষ্টা করে, তবে তারেক জিয়ার নেতৃত্বাধীন বিএনপির রাজনীতিতে সেই সুযোগ কাউকেই দেওয়া হবে না।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, বিএনপি নেতা আবুল হাশেম, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি বেলাল হোসেন এবং জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ারসহ স্থানীয় অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন