অক্টোবর ২১, ২০২৬, ১১:৫৪ এএম
ইন্টারনেট সংযোগ বন্ধ থাকলেও নির্ধারিত সময়ে স্বয়ংক্রিয়ভাবে বার্তা পাঠানোর নতুন প্রযুক্তি সুবিধা আনতে যাচ্ছে জনপ্রিয় যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ। নতুন এই ফিচারের মাধ্যমে গ্রাহকরা বার্তা, ছবি কিংবা ভিডিও নির্দিষ্ট সময়ে পৌঁছানোর জন্য আগেই সময় নির্ধারণ বা শিডিউল করে রাখতে পারবেন। এর ফলে মধ্যরাতে কাউকে জন্মদিনের শুভেচ্ছা জানানো কিংবা জরুরি কোনো দাপ্তরিক তথ্য সময়মতো পাঠাতে সংশ্লিষ্ট মুহূর্তে গ্রাহককে অনলাইনে উপস্থিত থাকতে হবে না।
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের পরীক্ষামূলক বিটা সংস্করণ ২.২৬.৪০.৭-এ এই নতুন সুবিধার কার্যকারিতা যাচাই করছে হোয়াটসঅ্যাপ।
ফিচারটি চালু হলে ব্যবহারকারীরা নির্দিষ্ট কোনো চ্যাট খুলে বার্তা লেখার পর প্রেরণ বা সেন্ড বাটন কিছুক্ষণ চেপে ধরে রাখলেই একটি পপ-আপ পর্দা দেখতে পাবেন। সেখান থেকে বার্তা পাঠানোর নির্দিষ্ট দিন ও সময় নির্বাচন করার সুযোগ মিলবে।
কেবল সাধারণ টেক্সট বার্তাই নয়, ছবি, ভিডিও এবং যেকোনো ওয়েব লিংকও নির্ধারিত সময়ের জন্য শিডিউল করা যাবে। এর পাশাপাশি ছবি বা ভিডিও পাঠানোর আগে তাতে ফিল্টার যুক্ত করা, ক্যাপশন লেখা কিংবা ডিজিটাল তুলিতে আঁকাআঁকির সব প্রচলিত সুবিধাও কার্যকর থাকবে।
বার্তা পাঠানোর ক্ষেত্রে নমনীয় সময়সীমা নির্ধারণ করেছে প্ল্যাটফর্মটি। যেকোনো বার্তা পাঠানোর অন্তত ১০ মিনিট পর থেকে শুরু করে পরবর্তী ১৪ দিন পর্যন্ত যেকোনো ভবিষ্যৎ মুহূর্ত নির্ধারণ করা যাবে। নির্দিষ্ট সময় আসার আগপর্যন্ত শিডিউল করা বার্তাটি পরিবর্তন, সংশোধন কিংবা সম্পূর্ণ মুছে ফেলার সুযোগও পাবেন ব্যবহারকারী।
ব্যক্তিগত আলাপচারিতার পাশাপাশি দলগত বা গ্রুপ চ্যাটেও এই সুবিধা কার্যকর করা যাবে। ফলে কোনো প্রাতিষ্ঠানিক ঘোষণা বা গুরুত্বপূর্ণ নোটিশ গ্রুপের সদস্যদের কাছে সময়মতো স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে।
নতুন এই ফিচারের অন্যতম উল্লেখযোগ্য দিক হলো, নির্ধারিত সময়ে ব্যবহারকারীর মুঠোফোনে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকলেও কিংবা হোয়াটসঅ্যাপ চালু না থাকলেও বার্তা প্রেরণের ব্যবস্থা থাকবে। তবে অফলাইন অবস্থায় এই সেবা প্রযুক্তিগতভাবে কীভাবে কাজ সম্পন্ন করবে, সে বিষয়ে এখনো বিস্তারিত আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা অক্ষুণ্ণ রাখতে শিডিউল করা সব বার্তা অ্যান্ড-টু-অ্যান্ড এনক্রিপশন সুরক্ষাব্যবস্থার আওতায় থাকবে। বার্তা আদান-প্রদানের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেই এই সুবিধা চালুর পরিকল্পনা করা হচ্ছে।
বর্তমানে সুবিধাটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং সীমিত সংখ্যক নিবন্ধিত বিটা গ্রাহক এটি ব্যবহারের সুযোগ পাচ্ছেন। সামগ্রিক পরীক্ষা সম্পন্ন হওয়ার পর সাধারণ গ্রাহকদের জন্য এটি কবে উন্মুক্ত করা হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন