বুধবার, ২১ অক্টোবর, ২০২৬,
তারকা আড্ডা

ইতালিতে বিয়ের প্রস্তাব দিতে চেয়েও পারেননি

বিনোদন ডেস্ক

অক্টোবর ২১, ২০২৬, ১২:৪২ পিএম

ইতালিতে বিয়ের প্রস্তাব দিতে চেয়েও পারেননি

ছবি: সংগৃহীত

ইতালির মনোরম পরিবেশে রাশমিকা মান্দানাকে বিয়ের প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করলেও মনের মতো আংটি খুঁজে না পাওয়ায় সেই পরিকল্পনা ভেস্তে গিয়েছিল বিজয় দেবেরাকোন্ডার। বিয়ের পর এই প্রথম একসঙ্গে করণ জোহরের জনপ্রিয় সেলিব্রিটি টক শো ‍‍`কফি উইথ করণ‍‍`-এর নবম সিজনে অংশ নিয়ে দাম্পত্য জীবনের নানা গোপন ও মিষ্টি তথ্য প্রকাশ্যে এনেছেন এই তারকা দম্পতি।

অনুষ্ঠানের প্রচারণামূলক পর্বে সঞ্চালক করণ জোহরের সরাসরি প্রশ্নের মুখে পড়েন বিজয়। করণ জানতে চান, তিনি কি আদৌ রাশমিকাকে কোনো আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছিলেন কি না। এর জবাবে বিজয় ইতালির সফরের আংটি বিভ্রাটের কথা জানান।

তবে সবাইকে অবাক করে দিয়ে রাশমিকা মাথা নেড়ে দাবি করেন, বিজয়ের পক্ষ থেকে কোনো প্রস্তাবই আসেনি।

মুহূর্তেই পরিস্থিতি জমিয়ে তুলে রহস্য ফাঁস করেন বিজয়। তিনি জানান, রাশমিকাই নাকি বিয়ের আগে টানা এক বছর ধরে প্রায় ১০০ বার তাঁকে বলেছিলেন, ‍‍`চলো আমরা বিয়ে করে নিই।‍‍` মিষ্টি হেসে বিজয়ের এই বক্তব্যের সত্যতা অকপটে স্বীকার করে নেন রাশমিকা।

নিজের রোমান্টিক পরিকল্পনার ব্যাখ্যা দিয়ে বিজয় জানান, সাধারণত তিনি রূপালি পর্দার মতো নাটকীয় প্রেম বা আয়োজনে বিশ্বাসী নন। কিন্তু রাশমিকার জীবনের অন্যতম বিশেষ এই অনুভূতিটি যাতে কোনোভাবেই ফিকে না হয়, সে কথা ভেবেই ইতালিতে গিয়ে প্রস্তাব দেওয়ার কথা ভেবেছিলেন। শেষ পর্যন্ত নিখুঁত আংটি না মেলায় সেই মুহূর্তটি পিছিয়ে যায়।

আড্ডার একপর্যায়ে করণ জানতে চান, পর্দায় রাশমিকা ছাড়া অন্য কোনো অভিনেত্রীর সঙ্গে বিজয়ের অন-স্ক্রিন রসায়ন জমেছিল কি না। সঙ্গে সঙ্গে রাশমিকা জোর দিয়ে বলেন, অন্য কারও সঙ্গে নয়। এই সময় হাসতে হাসতে বিজয় মন্তব্য করেন, দাম্পত্য জীবনের প্রথম ও একমাত্র প্রধান শর্ত হলো স্ত্রীর সব নির্দেশ মেনে চলা।

দীর্ঘদিনের নানা লুকোচুরি ও গুঞ্জনের ইতি টেনে গত ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে জমকালো পারিবারিক ও সামাজিক আয়োজনে সাতপাকে বাঁধা পড়েন এই তারকা জুটি। সেই উদয়পুরেই বিয়ের প্রথম দিন অর্থাৎ সংগীতের জমকালো অনুষ্ঠান শেষ হওয়ার পর বন্ধুদের জড়ো করে হাঁটু গেড়ে বসে রাশমিকাকে বিয়ের প্রস্তাব দেন বিজয়। অভিনেতা জানান, তিনি কোনোভাবেই তাঁর স্ত্রীর জীবনের সেই জাদুকরী মুহূর্তের অপূর্ণতা রাখতে চাননি।

উল্লেখ্য, ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত সুপারহিট চলচ্চিত্র ‍‍`গীত গোবিন্দম‍‍`-এ একসঙ্গে অভিনয়ের পর থেকেই তাঁদের প্রেমের সম্পর্কের গুঞ্জন শুরু হয়। র‍্যাপিড ফায়ার থেকে শুরু করে বাজার গেম—সব মিলিয়ে দুজনের খুনসুটি ও আড্ডায় জমে উঠেছে এই পর্বটি।