বুধবার, ২১ অক্টোবর, ২০২৬,

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১৮ জন উদ্ধার বিপুল মাদক

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২১, ২০২৬, ০১:১২ পিএম

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১৮ জন উদ্ধার বিপুল মাদক

রাজধানীজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে পরিচালিত নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। অভিযানকালে বিভিন্ন অপরাধে সংশ্লিষ্টতার অভিযোগে মোট ৫৮টি পৃথক মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারদের মধ্যে সবচেয়ে বেশি আটক হয়েছে মিরপুর বিভাগে, যেখানে এক দিনেই ১৪৮ জনকে আইনের আওতায় আনে পুলিশ। এ ছাড়া তেজগাঁওয়ে ৯৩ জন, লালবাগে ৬১ জন, ওয়ারীতে ৫৪ জন এবং রমনা বিভাগে ৪৮ জনকে গ্রেপ্তার করা হয়।

অন্যান্য ইউনিটের মধ্যে গুলশানে ৩৭ জন, মতিঝিলে ৩৫ জন এবং উত্তরা বিভাগে ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি বিশেষ অভিযানে গোয়েন্দা শাখা ৯ জন এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট ১ জনকে গ্রেপ্তার করে।

অভিযান চলাকালে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ বিভিন্ন অবৈধ আলামত জব্দ করা হয়েছে।

এর মধ্যে রয়েছে ১১ হাজার ৭০১ পিস ইয়াবা, দুই কেজি ৮৫০ গ্রাম গাঁজা এবং দুই গ্রাম হেরোইন। একই সাথে মাদক কেনাবেচায় ব্যবহৃত নগদ চার হাজার ৬৩৬ টাকা, একটি মোটরসাইকেল ও পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়।

অভিযানকালে অপহৃত বা জিম্মি থাকা একজন ভুক্তভোগীকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হন পুলিশ সদস্যরা।

ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় সমন্বিতভাবে এই সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।