সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬,

কৃতি শেঠির বলিউডে রোমান্টিক অভিষেক

বিনোদন ডেস্ক

অক্টোবর ১৯, ২০২৬, ০৬:২১ পিএম

কৃতি শেঠির বলিউডে রোমান্টিক অভিষেক

ছবি: সংগৃহীত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কৃতি শেঠি এবার পা রাখতে চলেছেন বলিউডের রুপালি জগতে। একটি নিখাদ প্রেমের গল্পের সিনেমার মধ্য দিয়ে হিন্দি চলচ্চিত্র অঙ্গনে তাঁর আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে। ছবিটির দৃশ্যধারণ চলতি বছরের শেষ দিকে শুরু হবে।

বলিউডের শীর্ষ নির্মাতা রোহিত শেঠির সঙ্গে দীর্ঘ ১৭ বছর কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন সহকারী ও উদীয়মান পরিচালক বিধি ঘোদগাঁওকর সিনেমাটি পরিচালনা করবেন। নতুন এই প্রজেক্টের প্রযোজনা করছে অভিষেক এস ব্যাসের প্রতিষ্ঠান এভিএস স্টুডিওস। তবে ছবির আনুষ্ঠানিক নাম এবং অন্যান্য অভিনয়শিল্পীর পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

তেলেগু সিনেমা ‘উপেনা’য় অভিনয় করে তরুণ এই অভিনেত্রী রাতারাতি তারকাখ্যাতি পান। এরপর তিনি তামিল ও তেলেগু ভাষার একাধিক সফল বাণিজ্যিক চলচ্চিত্রে নিজের শক্ত অবস্থান তৈরি করেন।

সম্প্রতি পরিচালক ভিগনেশ শিবানের ‘লাভ ইনস্যুরেন্স কোম্পানি’ চলচ্চিত্রে প্রদীপ রঙ্গনাথন ও এস জে সুরিয়ার বিপরীতে দেখা গেছে কৃতিকে। তাঁর হাতে রয়েছে বেশ কিছু বড় প্রজেক্ট।

মুক্তির অপেক্ষায় থাকা বহুভাষিক চলচ্চিত্র ‘জেনি’তে জয়ম রবি, ওয়ামিকা গাব্বি এবং কল্যাণী প্রিয়দর্শনের মতো তারকাদের সঙ্গে পর্দা ভাগ করবেন তিনি। দক্ষিণী ইন্ডাস্ট্রিতে দর্শকপ্রিয়তা অর্জনের পর এবার হিন্দি চলচ্চিত্রে কৃতির অভিষেককে ঘিরে ভক্তদের মাঝে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে।