বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬,

ইমরান হাশমির শুটিংয়ে দুর্ঘটনা অল্পের জন্য রক্ষা

বিনোদন ডেস্ক

অক্টোবর ১৪, ২০২৬, ০৪:৫৮ পিএম

ইমরান হাশমির শুটিংয়ে দুর্ঘটনা অল্পের জন্য রক্ষা

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা ইমরান হাশমির নতুন সিনেমার শুটিং চলাকালে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। একটি অ্যাকশন দৃশ্য ধারণের সময় ক্রেন দিয়ে ঝুলিয়ে রাখা গাড়ি শূন্যে উল্টে গিয়ে নিচে রাখা অপর একটি ভ্যানের ওপর সজোরে আছড়ে পড়ে। গাড়িটি অভিনেতার অত্যন্ত কাছাকাছি চলে আসায় বড় ধরনের বিপদ থেকে অল্পের জন্য তিনি অক্ষত অবস্থায় রক্ষা পান। তবে এ ঘটনায় কেউ আঘাত পেয়েছেন কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য মেলেনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন সূত্রে জানা গেছে, ইমরান হাশমি অভিনীত ‘গানমাস্টার জি৯’ সিনেমার ক্লাইম্যাক্স দৃশ্যের দৃশ্যধারণের সময় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

শুটিংয়ের ধারণকৃত দৃশ্যে দেখা যায়, ক্রেনের মাধ্যমে ঝুলিয়ে রাখা একটি গাড়ি মাঝআকাশে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং নিচে পার্ক করা একটি কালো রঙের ভ্যানের ওপর তীব্র গতিতে আছড়ে পড়ে। ওই মুহূর্তে গাড়িটি ইমরান হাশমির মুখের খুব কাছাকাছি চলে এসেছিল।

তবে পুরো ঘটনাটি পূর্বপরিকল্পিত অ্যাকশন দৃশ্যের স্বাভাবিক অংশ ছিল, নাকি শুটিংয়ের সময় প্রযুক্তিগত নিয়ন্ত্রণ হারানোর ফলে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে—তা এখনো পরিষ্কার নয়। এ বিষয়ে সিনেমাটির নির্মাতা বা প্রযোজনা দলের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এর আগেও এই সিনেমার দৃশ্যধারণকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছিল।

গত জুন মাসে ভারতের উত্তরাখণ্ডের হরিদ্বারে শুটিং চলাকালে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়। সেটে নির্মিত একটি বারসদৃশ দৃশ্যপটকে অনেকে বাস্তব পানশালা মনে করে ক্ষোভ প্রকাশ করেন। পরবর্তীতে স্থানীয়দের সঙ্গে আলোচনার মাধ্যমে উদ্ভূত সমস্যার সমাধান করা হয়।

ওই সময় সিনেমাটির প্রযোজক দীপক মুকুট জানিয়েছিলেন, স্থানীয়দের ধর্মীয় বা সামাজিক অনুভূতিতে আঘাত হানার কোনো উদ্দেশ্য তাদের ছিল না। যথাযথ অনুমতি ও সরঞ্জাম নিয়েই দৃশ্যধারণ চলছিল এবং আলোচনার মাধ্যমে বিষয়টির সুরাহা হয়।

আদিত্য দত্ত পরিচালিত অ্যাকশন-রোমান্টিক ধাঁচের সিনেমা ‘গানমাস্টার জি৯’-এ ইমরান হাশমির পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জেনেলিয়া ডি’সুজা, অপারশক্তি খুরানা ও অভিষেক সিং। সিনেমাটি বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ২০২৬ সালের ২৭ নভেম্বর।

উল্লেখ্য, রূপালি পর্দায় ইমরান হাশমিকে সর্বশেষ দেখা গিয়েছিল ‘আওয়ারাপন টু’ সিনেমায়।