মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬,
অভিনেতার ওপর হামলা

অভিনেতা সমু চৌধুরীকে যশোরে পিটিয়ে জখমের অভিযোগ

বিনোদন ডেস্ক

অক্টোবর ১৩, ২০২৬, ০৬:১৮ পিএম

অভিনেতা সমু চৌধুরীকে যশোরে পিটিয়ে জখমের অভিযোগ

ছবি: সংগৃহীত

যশোরে নিজ বাড়ির সামনে বিশিষ্ট চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরীকে লাঠি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে যশোর শহরের বেজপাড়া নলডাঙ্গা সড়কে তাঁর বাড়ির সামনে এই হামলার ঘটনা ঘটে। আহত অভিনেতা সমু চৌধুরীর বয়স ৬০ বছর। তিনি এলাকার মৃত আবুল কাশেম চৌধুরীর ছেলে।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, বাড়ির সামনের একটি মোটরসাইকেল গ্যারেজের কর্মচারীদের সঙ্গে ময়লা-আবর্জনা ফেলা ও পরিচ্ছন্নতা রক্ষা নিয়ে সমু চৌধুরীর কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে গ্যারেজের কর্মচারী জাহাঙ্গীর ও হৃদয় ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে তাঁর মাথায় আঘাত করেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে তিনি গুরুতর জখম হন।

ঘটনার পরপরই পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাঁর ক্ষতস্থানে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।

চিকিৎসা শেষে দুপুর ১টা ২০ মিনিটের দিকে তিনি হাসপাতাল থেকে নিজ বাড়িতে ফিরে যান।