মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬,

এসএসসিতে দুই বিষয়ে ফেল করলে ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা ঘোষণা শিক্ষামন্ত্রীর

জাতীয় ডেস্ক

অক্টোবর ১৩, ২০২৬, ০৫:৫৮ পিএম

এসএসসিতে দুই বিষয়ে ফেল করলে ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা ঘোষণা শিক্ষামন্ত্রীর

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষায় দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ফলাফল প্রকাশের ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমির মিলনায়তনে ৪৯তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে সদ্য নিয়োগপ্রাপ্ত ৬৫১ জন কর্মকর্তার ওরিয়েন্টেশন অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি সরকারের এই সিদ্ধান্তের কথা জানান।

শিক্ষামন্ত্রী স্পষ্টভাবে উল্লেখ করেন, শিক্ষার্থীদের ফেল করার ধারাবাহিকতা বছরের পর বছর চলতে দেওয়া হবে না। শিক্ষার্থীদের বারবার পরীক্ষা দেওয়া কিংবা কালক্ষেপণের কোনো সুযোগ সরকার রাখবে না। যারা সাধারণ ধারার শিক্ষায় কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করতে পারবে না, তাদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে কারিগরি শিক্ষাব্যবস্থায় স্থানান্তর করা হবে।

ঝরে পড়া শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করছে।

শিক্ষার্থীরা যেন কোনো অবস্থাতেই পড়াশোনায় পিছিয়ে না পড়ে, সেই লক্ষ্যে সব ধরনের প্রশাসনিক ও একাডেমিক সংস্কারমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার ওপর বিশেষ জোর দিয়ে এহছানুল হক মিলন বলেন, সমাজে নৈতিকতার অবক্ষয় দেখা দিয়েছে এবং এই পরিস্থিতি থেকে নতুন প্রজন্মকে ফিরিয়ে আনতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সরকার চতুর্থ শ্রেণি থেকেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সাংস্কৃতিক কার্যক্রম, ক্রীড়া প্রতিযোগিতা ও নৈতিক শিক্ষার প্রসারে বিশেষ অগ্রাধিকার দিয়েছে।

এরই অংশ হিসেবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে খেলাধুলার আয়োজন শুরু হয়েছে এবং দেশজুড়ে প্রধানমন্ত্রী গোল্ডকাপ টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। লেখাপড়া ও খেলাধুলার সমন্বয় ঘটিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উৎসবমুখর শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত সচিব ড. সরদার কেরামত আলী সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক আব্দুল মজিদ এবং শিক্ষামন্ত্রীর সহধর্মিণী নাজমুন নাহার বেবী।