রবিবার, ০১ নভেম্বর, ২০২৬,

গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ করল সরকার

জাতীয় ডেস্ক

নভেম্বর ১, ২০২৬, ০৬:৫৬ পিএম

গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ করল সরকার

ছবি: সংগৃহীত

পোশাক খাতের শ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকারি গেজেট জারি করেছে সরকার। রোববার (১ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মজুরি বোর্ড শাখা থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপনটি গেজেট আকারে প্রকাশ করা হয়।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমানের স্বাক্ষরিত ওই গেজেটে বোর্ডের সদস্যদের নাম ও দায়িত্বের বিবরণ দেওয়া হয়েছে।

গেজেটে উল্লেখ করা হয়, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (সংশোধিত ২০২৬)-এর ১৩৮ ধারার ৩(ক) ও ৩(খ) উপধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার একই আইনের ১৩৯ ধারায় নির্ধারিত কার্যাবলি সম্পাদনের উদ্দেশ্যে তৈরি পোশাক বা ‍‍`গার্মেন্টস‍‍` শিল্প সেক্টরে সদস্যদের নিয়োগ প্রদান করেছে।

মালিক ও শ্রমিক উভয় পক্ষের প্রতিনিধি অন্তর্ভুক্ত করে এই বোর্ড গঠন করা হয়েছে।

গেজেট অনুযায়ী, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক এ বি এম সামছুদ্দিনকে সংশ্লিষ্ট পোশাক শিল্পের মালিকপক্ষের প্রতিনিধিত্বকারী সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডাব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতারকে সংশ্লিষ্ট শিল্পে নিযুক্ত শ্রমিকপক্ষের প্রতিনিধিত্বকারী সদস্য মনোনীত করা হয়।

এছাড়া বোর্ডে নিরপেক্ষ বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদ।

পাশাপাশি বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম-মহাসচিব আসিফ আইয়ুবকে নিম্নতম মজুরি বোর্ডের সাধারণ মালিকপক্ষের প্রতিনিধিত্বকারী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। অন্যদিকে জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনকে সাধারণ শ্রমিকদের প্রতিনিধিত্বকারী সদস্য হিসেবে গেজেটে নিয়োগ দেওয়া হয়েছে।