রবিবার, ০১ নভেম্বর, ২০২৬,
পোশাক কারখানায় নিরাপত্তা

পোশাক কারখানা সচল রাখতে প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ

জাতীয় ডেস্ক

নভেম্বর ১, ২০২৬, ০৮:২২ পিএম

পোশাক কারখানা সচল রাখতে প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ

দেশের তৈরি পোশাক কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের জানমালের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১ নভেম্বর) রাতে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী-উপদেষ্টাদের জরুরি উচ্চপর্যায়ের বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শিল্পাঞ্চলে যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে সরকার সর্বাত্মক সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান তিনি।

শ্রমমন্ত্রী স্পষ্ট করে বলেন, আগামী ডিসেম্বর মাসকে সামনে রেখে কোনো স্বার্থান্বেষী মহল যদি তৈরি পোশাক খাতে নতুন করে অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা চালায়, তবে সরকার তা সর্বশক্তি দিয়ে রাজনৈতিকভাবেই মোকাবিলা করবে।

তিনি উল্লেখ করেন, জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি তৈরি পোশাক কারখানার স্বাভাবিক উৎপাদন যাতে কোনোভাবেই বাধাগ্রস্ত বা ব্যাহত না হয়, সে বিষয়ে প্রধানমন্ত্রী অত্যন্ত কঠোর বার্তা দিয়েছেন। একই সাথে সাধারণ নাগরিক ও কর্মরত শ্রমিকদের জানমালের পূর্ণ নিরাপত্তা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিটি সংস্থাকে প্রয়োজনীয় সমন্বিত নির্দেশনা প্রদান করা হয়েছে।

পোশাক খাতের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখা এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত সংকট মোকাবিলায় মাঠপর্যায়ে প্রশাসনের প্রস্তুতি জোরদার রাখা হয়েছে বলে জানান শ্রমমন্ত্রী।