রবিবার, ০১ নভেম্বর, ২০২৬,

সাফ চ্যাম্পিয়নশিপ প্রচারণার প্রীতি ম্যাচে এসএ গেমস দলের জয়

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১, ২০২৬, ০৯:০৮ পিএম

সাফ চ্যাম্পিয়নশিপ প্রচারণার প্রীতি ম্যাচে এসএ গেমস দলের জয়

ছবি: সংগৃহীত

সাফ চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের প্রচারণার অংশ হিসেবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশেষ প্রীতি ম্যাচে সাবেক সাফজয়ী দলকে ২-১ গোলে হারিয়েছে ২০১০ সালের এসএ গেমস চ্যাম্পিয়ন দল। আগামী ৫ থেকে ১৭ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে বসতে যাচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপের নতুন আসর।

এই টুর্নামেন্টকে সামনে রেখে আজ রোববার বিকেলে জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হন দেশের সাবেক তারকা ফুটবলাররা। মাঠে বল গড়াতেই জাতীয় স্টেডিয়াম রূপ নেয় সাবেক তারকাদের মিলনমেলায়। ৬০ মিনিটের এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ মাঠে ফিরিয়ে আনে দেশের ফুটবলের নানা সোনালী স্মৃতি।

ম্যাচে এসএ গেমস জয়ী একাদশের হয়ে লক্ষ্যভেদ করেন নাসিরুল ইসলাম নাসির ও মিঠুন চৌধুরী। অন্যদিকে ২০০৩ সালের সাফজয়ীদের পক্ষে একমাত্র গোলটি পরিশোধ করেন তারকা ফরোয়ার্ড আলফাজ আহমেদ।

বর্তমান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এই প্রীতি ম্যাচে দুই দলের হয়েই মাঠে নামেন। তিনি ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়ন এবং ২০১০ সালের এসএ গেমসের স্বর্ণজয়ী—উভয় ঐতিহাসিক দলেরই গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।

ম্যাচের প্রথমার্ধ শেষে বিরতির সময় সাফজয়ী দলের সাবেক প্রধান কোচ প্রয়াত জর্জ কোটানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অস্ট্রিয়ান এই অভিজ্ঞ কোচ ২০২৩ সালের ২৫ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন।