নভেম্বর ১, ২০২৬, ১০:২৩ পিএম
সুস্বাদু ও পুষ্টিকর ফল হিসেবে কমলালেবু সবার কাছেই বেশ সমাদৃত। তবে ফল খাওয়ার পর খোসাটি সাধারণত অপ্রয়োজনীয় মনে করে ফেলে দেওয়া হয়। অথচ এই ফেলে দেওয়া খোসা ব্যবহার করেই খুব অল্প খরচে ঘরে তৈরি করা সম্ভব প্রাকৃতিক সুবাসযুক্ত স্বাস্থ্যকর সাবান।
বাহারি রাসায়নিক উপাদান এড়িয়ে ঘরে মাত্র তিন থেকে চারটি সহজলভ্য উপকরণের মাধ্যমেই এই সাবান প্রস্তুত করা যায়।
সাবান তৈরির প্রাথমিক উপকরণ হিসেবে প্রয়োজন হবে টাটকা কমলালেবুর খোসা, সাবান বেস, সামান্য পানি এবং তরল মিশ্রণটি ঢেলে ঠান্ডা করার জন্য একটি সিলিকন ছাঁচ। বাড়িতে সিলিকন ছাঁচ না থাকলে সাধারণ কাগজের কাপ বা ওয়ান-টাইম কাপ ব্যবহার করেও এই কাজ সেরে নেওয়া যায়।
প্রথমে কমলালেবুর খোসাগুলো পরিষ্কার পানিতে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপর খোসাগুলোকে বঁটি বা ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে।
টুকরো করা খোসাগুলো ব্লেন্ডারের মিক্সিং জারে নিয়ে তাতে সামান্য পানি যোগ করে একটি মসৃণ পেস্ট তৈরি করতে হবে।
পেস্ট তৈরি হয়ে গেলে একটি পাতলা সুতির কাপড় বা ছাঁকনি দিয়ে মিশ্রণটি ভালো করে ছেঁকে নিতে হবে, যাতে খোসার কোনো শক্ত আঁশ বা বড় টুকরো না থাকে।
এরপর সাবান বেসটি টুকরো টুকরো করে কাটতে হবে।
গলানোর প্রক্রিয়ায় ডাবল বয়লার পদ্ধতি অনুসরণ করতে হয়। একটি প্যানে পর্যাপ্ত পানি দিয়ে তার ওপর একটি শুকনো বাটি এমনভাবে বসাতে হবে যেন বাটিটি পানির ওপর ভাসে কিন্তু ভেতরে পানি না ঢোকে। চুলার আঁচ মাঝারি রেখে বাটির মধ্যে সাবান বেসের টুকরোগুলো দিলে তা ধীরে ধীরে তরলে রূপ নেবে।
বেস পুরোপুরি গলে তরল হয়ে গেলে তাতে আগে থেকে ছেঁকে রাখা কমলালেবুর খোসার তরল মিশ্রণটি ঢেলে দিতে হবে এবং ভালোভাবে নেড়ে মেশাতে হবে।
পুরো মিশ্রণটি কম আঁচে প্রায় ১২ থেকে ১৩ মিনিট ধরে রান্না করতে হবে।
খেয়াল রাখতে হবে যেন পাত্রের তলানিতে কোনো উপাদান দলা পাকিয়ে না থাকে।
রান্না শেষ হলে চুলা বন্ধ করে গরম তরল মিশ্রণটি সাবানের ছাঁচে সতর্কতার সাথে ঢেলে নিতে হবে। যাদের কাছে নির্দিষ্ট ছাঁচ নেই, তারা মিশ্রণটি সামান্য জুড়িয়ে কাগজের কাপে ঢেলে নিতে পারেন।
এরপর ঘরের স্বাভাবিক তাপমাত্রায় প্রায় ৩০ মিনিট রেখে দিলে এটি পুরোপুরি জমে শক্ত সাবানে পরিণত হবে।
তবে কেউ যদি দ্রুত সাবান তৈরি করতে চান, তবে ছাঁচটি কিছু সময়ের জন্য রেফ্রিজারেটরে রেখে শক্ত করে নিতে পারেন।
জমে যাওয়ার পর ছাঁচ বা কাপ থেকে বের করলেই ব্যবহারের উপযোগী হয়ে উঠবে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তৈরি কমলালেবুর সাবান।
এই সাবান নিয়মিত ব্যবহারে ত্বকে প্রাকৃতিক সতেজতা বজায় থাকে এবং শরীরে দীর্ঘক্ষণ স্নিগ্ধ মিষ্টি সুবাস অনুভূত হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন