সোমবার, ০২ নভেম্বর, ২০২৬,

দিনাজপুর জেলা ধান চাউল ব্যবসায়ী গ্রুপের নির্বাচিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন

মো: মামুনুর রশিদ

নভেম্বর ১, ২০২৬, ১১:৪২ পিএম

দিনাজপুর জেলা ধান চাউল ব্যবসায়ী গ্রুপের নির্বাচিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন

ছবি: দিনাজপুর টিভি

দিনাজপুর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় দিনাজপুর জেলা ধান চাউল ব্যবসায়ী গ্রুপের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রোববার (১ নভেম্বর) সকাল ১০টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কক্ষে এই আনুষ্ঠানিক শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

কমিটির ২০২৬-২০২৭ ও ২০২৭-২০২৮ মেয়াদের অর্থাৎ ২৪ মাস মেয়াদী নির্বাচিত মোট ১১ জন সদস্যকে শপথ বাক্য পাঠ করান দিনাজপুর জেলা ধান চাউল ব্যবসায়ী গ্রুপ নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও নির্বাচন কমিশনার এবং দিনাজপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনজুর মোর্শেদ।

অনুষ্ঠানে নির্বাচন কমিশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা নির্বাচন অফিসার আতাউল হক।

এ সময় আরও উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক।

শপথ গ্রহণকারী কার্যনির্বাহী কমিটির কর্মকর্তারা হলেন সভাপতি মো. মোকাদ্দেছুর রহমান তুহিন, সিনিয়র সহ-সভাপতি মো. হোসেন আলী, সহ-সভাপতি মো. খাতির আলী, সাধারণ সম্পাদক মো. সাদেকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মো. মাহামুদুর রশিদ, কোষাধ্যক্ষ মো. আমিনুল হক, সাংগঠনিক সম্পাদক মো. শাহজালাল এবং দপ্তর সম্পাদক মো. শাহানুর আলম।

এছাড়া কমিটির তিনজন নির্বাহী সদস্য হিসেবে শপথ নিয়েছেন মো. ইয়াহিয়া সরকার, মো. সাব্বিরুজ্জামান এবং শান্তনু কুমার বসাক।

এর আগে দিনাজপুর জেলা প্রশাসনের সরাসরি তত্ত্বাবধানে গত ২৪ অক্টোবর শনিবার দিনাজপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে এ দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।

সংগঠনটির মোট ৯৫ জন ভোটারের মধ্যে ৭৩ জন সদস্য উৎসবমুখর পরিবেশে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগ করেছিলেন।