নভেম্বর ১, ২০২৬, ০৫:১০ পিএম
বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে ঋণের চেক বিতরণের মধ্য দিয়ে দিনাজপুরের হিলিতে পালিত হয়েছে জাতীয় যুব দিবস। রোববার (১ নভেম্বর) বেলা ১১টায় হাকিমপুর উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য যুব র্যালি বের করা হয়। র্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশিক্ষণার্থী যুবকরা অংশ নেন।
পরবর্তীতে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জজ মিত্র চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় যুবকদের কর্মমুখী দক্ষতা বৃদ্ধি ও স্বাবলম্বী করার ওপর বিস্তারিত আলোকপাত করা হয়। আলোচনা পর্ব শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ সম্পন্নকারীদের মাঝে স্বকর্মসংস্থানের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যুব ঋণের চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান এবং পৌর বিএনপির সভাপতি মোতালেব হোসেন মিঠু। এছাড়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রশিক্ষণার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন