রবিবার, ০১ নভেম্বর, ২০২৬,
ডেঙ্গু পরিস্থিতির অবনতি

ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু

স্বাস্থ্য ডেস্ক

নভেম্বর ১, ২০২৬, ০৫:৪৭ পিএম

ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯২৯ জন রোগী। রোববার (১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার সকাল আটটা থেকে রোববার সকাল আটটা পর্যন্ত আক্রান্তদের মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ ঢাকা বিভাগে ভর্তি হয়েছেন ৮৩১ জন। এছাড়া বরিশাল বিভাগে ২১৩ জন, চট্টগ্রাম বিভাগে ২৫৭ জন, খুলনা বিভাগে ২৫৯ জন, ময়মনসিংহ বিভাগে ৯২ জন, রাজশাহী বিভাগে ১৮৫ জন, রংপুর বিভাগে ৭৩ জন এবং সিলেট বিভাগে ১৯ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বর্তমানে দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে মোট ৬ হাজার ১১৪ জন রোগী ডেঙ্গু রোগের চিকিৎসা নিচ্ছেন।

চলতি ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৬ হাজার ৯২৯ জনে। একই সময়ে মশাবাহিত এই সংক্রমণে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে পৌঁছেছে ৪২৭ জনে।

চলতি বছরের মাসভিত্তিক মৃত্যুর পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায়, জানুয়ারিতে ২ জন, ফেব্রুয়ারিতে ২ জন, মে মাসে ১ জন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন, আগস্টে ৪৩ জন এবং সেপ্টেম্বরে সর্বোচ্চ ১৪৮ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে আক্রান্তদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে এখন পর্যন্ত হাসপাতাল থেকে মোট ১ লাখ ৩০ হাজার ৩৮৮ জন রোগী ছাড়পত্র পেয়েছেন।