নভেম্বর ১, ২০২৬, ০৬:৩২ পিএম
সিলেটের জৈন্তাপুর আন্তর্জাতিক সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া গুলির পরিপ্রেক্ষিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিজেদের সীমানার অভ্যন্তরে ফাঁকা গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৩১ অক্টোবর) রাত ৮টা ৫০ মিনিটের দিকে সীমান্তের ১২৮৭/১ এস পিলারের কাছাকাছি এলাকায় এই ঘটনা ঘটে।
নাম প্রকাশ না করার শর্তে ১৯ বিজিবির মিডিয়া উইংয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্র জানায়, শনিবার রাতে সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে বিএসএফ সদস্যরা হঠাৎ দুই রাউন্ড গুলি ছোড়েন। গুলির শব্দ পাওয়ার সাথে সাথে সীমান্তে দায়িত্বরত বিজিবি জওয়ানরা অত্যন্ত সতর্ক অবস্থান গ্রহণ করেন। পরবর্তীতে সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে সার্বিক নিরাপত্তা নিশ্চিতের অংশ হিসেবে বাংলাদেশের সীমানার ভেতর থেকে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়।
বিজিবির দায়িত্বশীল কর্মকর্তা স্পষ্ট করেন যে এই পদক্ষেপ কোনো পাল্টা আক্রমণ ছিল না।
বরং সীমান্তে বিজিবির সজাগ পাহারা ও সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুতি তুলে ধরার জন্যই নিজেদের সীমানার ভেতর থেকে এই সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।
তবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কী কারণে আকস্মিকভাবে গুলিবর্ষণ করেছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য মেলেনি। ওই সময় সীমান্তে কোনো ধরনের অনুপ্রবেশের চেষ্টা, চোরাচালানবিরোধী অভিযান কিংবা অন্য কোনো সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়েছিল কি না, তা খতিয়ে দেখছেন সংশ্লিষ্টরা।
এ ঘটনায় কোনো পক্ষের কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়েও কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। সীমান্তে বর্তমানে কড়া নজরদারি বজায় রাখা হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন