শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬,

সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, শূন্যরেখায় অবস্থান

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ১২, ২০২৬, ১২:২০ পিএম

সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, শূন্যরেখায় অবস্থান

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার চকবিলগাতুয়া ও প্রাগপুর সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহায়তায় সেই চেষ্টা ব্যর্থ করে দেয় বর্ডার গার্ড বাংলাদেশ।বর্তমানে ওই ব্যক্তিরা সীমান্তের শূন্যরেখা সংলগ্ন ভারতীয় অংশে অবস্থান করছেন।

সকালে ভারতীয় রক্ষীরা ওই ১২ জনকে বাংলাদেশে প্রবেশের জন্য বিলগাতুয়া সীমান্তে নিয়ে আসে। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা দ্রুত প্রাগপুর ক্যাম্পে খবর দেন। এরপর বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয়দের সহযোগিতায় তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেওয়া হয়।

বাধার মুখে তারা ভারতের প্রায় ৫০ গজ ভেতরে গিয়ে অবস্থান নেন। প্রাথমিক আলাপে তারা নিজেদের বাংলাদেশি নাগরিক বলে দাবি করেছেন।ওই ১২ জনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের উজির আলীর পরিবারের পাঁচজন সদস্য রয়েছেন।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রফিকুল গাজীর পরিবারের তিনজন এবং খুলনার ডুমুরিয়া উপজেলার আফরোজা খাতুনের পরিবারের চারজন রয়েছেন তাদের সঙ্গে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সীমান্ত এলাকায় সতর্ক অবস্থান নেওয়া হয়েছে। সমাধানের জন্য প্রাগপুর ক্যাম্পের পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হলেও ভারতীয় পক্ষের সাড়া মেলেনি।