শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬,

হরমুজ প্রণালির কাছে ভয়াবহ বিস্ফোরণে বিধ্বস্ত এলপিজিবাহী জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ১৩, ২০২৬, ০৪:০১ পিএম

হরমুজ প্রণালির কাছে ভয়াবহ বিস্ফোরণে বিধ্বস্ত এলপিজিবাহী জাহাজ

হরমুজ প্রণালির কাছে পাহারা দিচ্ছে ইরানি সামরিক জাহাজ।

হরমুজ প্রণালির পূর্বদিকে সমুদ্রে নৌমাইনে আঘাতের পর ভয়াবহ বিস্ফোরণে বিধ্বস্ত হয়েছে একটি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি বহনকারী জাহাজ। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের বা আইআরজিসির নৌবাহিনী এই তথ্য জানিয়েছে। বারবার সতর্ক করা সত্ত্বেও জাহাজটি একটি অননুমোদিত ও ঝুঁকিপূর্ণ রুট দিয়ে চলাচলের চেষ্টা করার সময় এই দুর্ঘটনা ঘটে।

আইআরজিসি নৌবাহিনীর জনসংযোগ দপ্তরের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, নির্ধারিত রুট ও সতর্কতা অমান্য করে জাহাজটি হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলীয় রুট দিয়ে অতিক্রমের চেষ্টা করছিল। চলাচলের সময় সেটি একটি নৌমাইনে আঘাত করে, যার ফলে সেখানে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এর আগে একটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণের ঘটনা ঘটলেও সংশ্লিষ্ট জাহাজটির কর্তৃপক্ষ সতর্ক হয়নি। মার্কিন যুদ্ধবিমানের নিরাপত্তার ওপর ভরসা রেখে জাহাজটি হরমুজ প্রণালি অতিক্রম করার চেষ্টা চালিয়েছিল বলে দাবি করেছে ইরানের এই সামরিক বাহিনী।

আইআরজিসির পক্ষ থেকে বলা হয়েছে, হরমুজ প্রণালিতে তাদের নিয়ন্ত্রণ কার্যক্রম কঠোরভাবে অব্যাহত রয়েছে। ইরানের নির্ধারিত বিধিনিষেধ অমান্য করে বা সতর্কবার্তা উপেক্ষা করে কোনো জাহাজ অননুমোদিত ও বিপজ্জনক পথে প্রবেশের চেষ্টা করলে সেগুলোকে একই ধরনের পরিণতির মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

তবে এই বিস্ফোরণের ঘটনায় বিধ্বস্ত জাহাজটির নাম, পতাকাবাহী দেশ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি আইআরজিসি নৌবাহিনী। আন্তর্জাতিক বার্তা সংস্থাগুলোর প্রতিবেদনেও এই বিস্ফোরণের বিষয়টি উঠে এসেছে।

তথ্যসূত্র: রয়টার্স