শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬,
ইরান হামলা

ইরানে গভীর রাতে দফায় দফায় বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ১৩, ২০২৬, ০৯:৪৯ এএম

ইরানে গভীর রাতে দফায় দফায় বিস্ফোরণ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালির কাছে ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী সিরিকে গভীর রাতে হামলার খবর পাওয়া গেছে। দেশটির হরমোজগান প্রদেশের এই গুরুত্বপূর্ণ শহরে ‘শত্রুপক্ষের’ হামলা হয়েছে বলে নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

এর আগে এলাকাটিতে দফায় দফায় কয়েকটি বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। তবে কারা এই হামলা চালিয়েছে এবং এতে ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। এই হামলার খবর প্রকাশের সঙ্গে সঙ্গেই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আরও বেড়ে গেছে।

আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, হরমোজগান প্রদেশের বন্দরনগরী সিরিকে শত্রুপক্ষের হামলা হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে জানা যায়, সরকারি সূত্রগুলো সিরিক শহরে এই হামলার সত্যতা নিশ্চিত করেছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, হামলাটি ছিল সুনির্দিষ্ট সামরিক ধরনের। তবে এতে কেউ হতাহত হয়েছেন কি না বা অবকাঠামোগত কী ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এই হামলার খবর প্রকাশের পর আন্তর্জাতিক বাজারে তেলের দামে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখা গেছে। বার্তাসংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম তিন শতাংশ বেড়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পেয়েছে দুই দশমিক ছত্রিশ শতাংশ।

আনাদোলুর পৃথক প্রতিবেদনে জানানো হয়েছে, প্রতিবেদন প্রকাশের কয়েক মিনিট আগেই গভীর রাতে এই হামলা চালানো হয়। তবে হামলার পেছনের শক্তি বা নির্দিষ্ট লক্ষ্যবস্তু সম্পর্কে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ইরানের কর্মকর্তারা সাধারণত তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার উত্তেজনার প্রেক্ষাপটে ‘শত্রুপক্ষ’ শব্দটি ব্যবহার করে থাকেন।

এর আগে আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছিল, হরমোজগান প্রদেশের পূর্বাঞ্চলীয় সিরিক কাউন্টিতে পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তাসনিম প্রথমে জানায় বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। তবে কয়েকটি সূত্রের ধারণা, সামুদ্রিক নিয়মকানুন লঙ্ঘনের অভিযোগে কিছু জাহাজকে লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছোড়ার কারণে এসব বিস্ফোরণ ঘটে থাকতে পারে।

উল্লেখ্য, ইরানের দক্ষিণ উপকূলে হরমুজ প্রণালির পূর্ব দিকে সিরিকের অবস্থান। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথটি পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করেছে। হামলার পর সামগ্রিক পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।