নভেম্বর ৪, ২০২৬, ০৯:৪১ পিএম
বাংলাদেশের সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং ট্রাফিক আইন মেনে চলতে সাধারণ মানুষকে সচেতন করার কাজে যুক্ত পরিচিত কনটেন্ট ক্রিয়েটর `মটোকপ রাজ` সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকার সময় একটি দ্রুতগতির প্রাইভেট কার পেছন থেকে তাঁকে জোরালো ধাক্কা দিলে তিনি এই দুর্ঘটনার শিকার হন।
ঘটনার বর্ণনা ও সিসিটিভি ফুটেজ অনুযায়ী, মটোকপ রাজ নিয়ম মেনে ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়েছিলেন। এ সময় পেছন থেকে আসা একটি সাদা রঙের প্রাইভেট কার তাঁহাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার পর মোটরসাইকেলটিকে অনেক দূর টেনে নিয়ে গিয়ে চালক গাড়ি নিয়ে পাশ কাটিয়ে পালিয়ে যায়। এতে তিনি রাস্তায় পড়ে গিয়ে মারাত্মকভাবে আহত হন।
সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর অনুগামী ও শুভাকাঙ্ক্ষীরা এই ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন। সড়ক সচেতনতামূলক কাজের মাধ্যমে মানুষকে ট্রাফিক আইন শেখানো একজন ব্যক্তির সাথে এমন ঘটনা ঘটায় জড়িত চালককে দ্রুত আইনের আওতায় আনার দাবি উঠেছে।
প্রশাসনের কাছে অনুরোধ জানিয়ে বলা হয়েছে, সিসিটিভি ফুটেজ গুরুত্বের সাথে বিশ্লেষণ করে ঘাতক গাড়ি ও চালককে শনাক্ত করে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। বর্তমানে আহত মটোকপ রাজ চিকিৎসাধীন রয়েছেন এবং তাঁর দ্রত সুস্থতা কামনা করে সবাই দোয়া চেয়েছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন