নভেম্বর ৪, ২০২৬, ০৯:২৫ পিএম
মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে এক লাইনে রেজিস্ট্রেশন নম্বর লেখার অনুমোদন দিতে পারবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। একই সঙ্গে মোটরসাইকেলের নকশা ও কাঠামোগত ভিন্নতা বিবেচনায় নিয়ে একাধিক মাপের নম্বরপ্লেট ব্যবহারের সুযোগও রাখা হয়েছে।
সামনের নম্বরপ্লেট স্থাপন ও রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের ক্ষেত্রে এতদিন ধরে বিদ্যমান প্রযুক্তিগত ও আইনি জটিলতা দূর করতে সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ সংশোধন করেছে সরকার। সংশোধিত বিধিমালার মাধ্যমে নম্বরপ্লেটের নকশা, আকার, অক্ষরের উচ্চতা এবং নম্বর লেখার বিন্যাসে নতুন পরিবর্তনের সুযোগ দেওয়া হয়েছে।
গত ২৮ অক্টোবর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখা থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়। পরবর্তীতে রোববার (১ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১২২ ধারায় প্রাপ্ত ক্ষমতাবলে বিধিমালার ৩৬ বিধি সংশোধন করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব আল-আমীন মো. নুরুল ইসলাম।
সংশোধিত বিধিমালার আওতায় মোটরসাইকেলের সামনের অংশে রেজিস্ট্রেশন নম্বর দুই লাইনের পাশাপাশি একটি সমান্তরাল রেখায় লেখার অনুমতি দেওয়ার এখতিয়ার পাবে বিআরটিএ। এ ছাড়া যানবাহনের নকশা অনুযায়ী একাধিক আকারের বিপরীতে প্রতিফলক বা রিফ্লেক্টিভ নম্বরপ্লেট ব্যবহারের অনুমতি দিতে পারবে সংস্থাটি।
প্রজ্ঞাপন অনুযায়ী, সামনের নম্বরপ্লেটের অক্ষরের উচ্চতা, জেলা বা অঞ্চলের নাম, যানবাহনের শ্রেণি নির্দেশকারী অক্ষরের মাপ, প্লেটের ওপরের ফাঁকা অংশ, সংখ্যা ও হাইফেনের মধ্যবর্তী দূরত্ব নির্ধারণের চূড়ান্ত ক্ষমতা বিআরটিএকে দেওয়া হয়েছে। এক লাইনে নম্বর লেখার ক্ষেত্রে জেলা বা অঞ্চলের নাম এবং যানবাহনের শ্রেণি নির্দেশকারী অক্ষরের পর নির্দিষ্ট দৈর্ঘ্যের হাইফেন ব্যবহারের সুযোগও তৈরি করা হয়েছে। প্রজ্ঞাপনে মূল বিধিমালার ৩৬ বিধির উপবিধি (১০) থেকে ‘মোটরসাইকেল এবং’ শব্দ দুটি বাদ দেওয়া হয়েছে এবং এই সংশোধিত বিধিমালা অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে মোটরসাইকেলের সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা দেড় মাস বাড়িয়েছে বিআরটিএ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজন করা যাবে। ইতিপূর্বে এ কাজের জন্য ১৫ নভেম্বর পর্যন্ত চূড়ান্ত সময় নির্ধারণ করা হয়েছিল।
বিপুলসংখ্যক নিবন্ধিত মোটরসাইকেলে নির্ধারিত সময়সীমার মধ্যে নম্বরপ্লেট সংযোজন করা বাস্তবিকভাবে কঠিন হয়ে পড়ায় সময় বৃদ্ধির অনুরোধ জানিয়েছিল বিআরটিএ। সড়ক নিরাপত্তা সুসংহত করা ও শৃঙ্খলা জোরদার করতে মোটরসাইকেলের পেছনের অংশে অনুমোদিত আরএফআইডি (RFID) নম্বরপ্লেটের পাশাপাশি সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজন বাধ্যতামূলক করা হয়েছে। নির্ধারিত সময়সীমার মধ্যে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজন না করলে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়ে পুনরায় নির্দেশ দেওয়া হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন