নভেম্বর ৪, ২০২৬, ০৮:৩৯ পিএম
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বজ্রসহ বৃষ্টিপাত, তীব্র শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার চরম আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)। আগামী শনিবার পর্যন্ত পুরো দেশজুড়ে এই বৈরী আবহাওয়া অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) গালফ নিউজের এক প্রতিবেদনে এনসিএমের এই আবহাওয়া সতর্কতার তথ্য নিশ্চিত করা হয়। এ সময় দেশের বিভিন্ন এলাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার ছাড়িয়ে যেতে পারে। পাশাপাশি উপকূলীয় এলাকায় জলস্তম্ভ ও অতি ভারী বৃষ্টিপাত কবলিত স্থানে ক্ষণস্থায়ী টর্নেডো তৈরির ঝুঁকি রয়েছে।
জাতীয় আবহাওয়া কেন্দ্র জানায়, সৌদি আরবের অধিকাংশ অঞ্চলে হালকা থেকে ভারী ধরনের বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির পাশাপাশি দমকা ও ঝোড়ো হাওয়া, তীব্র ধূলিঝড় এবং আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে।
আবহাওয়া বার্তায় বলা হয়েছে, জাজান, আসির, আল বাহা এবং পবিত্র নগরী মক্কা অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে মদিনা, তাবুক, আল জউফ, নর্দার্ন বর্ডারস, হাইল, নাজরান এবং রিয়াদের দক্ষিণাঞ্চল ও পূর্বাঞ্চলীয় প্রদেশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিয়েছে।
পবিত্র নগরী মক্কা ও তায়েফ ছাড়াও আল জুমুম, বাহরা, মাইসান, আধাম এবং আল আরদিয়াত গভর্নরেটগুলোতে শনিবার পর্যন্ত অবিরাম মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলতে পারে। এ ছাড়া জেদ্দা, রাবিঘ ও খুলাইস এলাকায় বৃহস্পতিবার পর্যন্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আল লিথ ও আল কুনফুদাহ অঞ্চলেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
এনসিএম সতর্ক করে জানিয়েছে, তীব্র বজ্রঝড়ের সময় বাতাসের গতিবেগে ধূলিঝড় সৃষ্টি হয়ে সড়কে যানবাহন চলাচলের দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যেতে পারে। একই সঙ্গে প্রবল শিলাবৃষ্টি, পার্বত্য এলাকায় আকস্মিক ঢল এবং সাগরে উঁচু ঢেউ সৃষ্টি হতে পারে।
প্রাথমিক আবহাওয়া পর্যবেক্ষণে বলা হয়েছে, সৌদি আরবের কিছু কিছু অঞ্চলে আগামী সপ্তাহের শেষ পর্যন্ত এই বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকতে পারে। নতুন কোনো পরিস্থিতি তৈরি হলে তাৎক্ষণিকভাবে আপডেট পূর্বাভাস প্রকাশ করবে সংস্থাটি।
বর্তমান বৈরী পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দা ও পথচারী গাড়িচালকদের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এনসিএম। একই সঙ্গে কোনো ধরনের গুজবে কান না দিয়ে জাতীয় আবহাওয়া কেন্দ্রের অফিশিয়াল ওয়েবসাইট, `আনওয়া` মোবাইল অ্যাপ এবং যাচাইকৃত সরকারি সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যম থেকে নিয়মিত আপডেট তথ্য অনুসরণের আহ্বান জানানো হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন