মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬,
বিমান চলাচলে স্থবিরতা

শাহজালালে ১৭১ ফ্লাইট বাতিল হওয়ায় চরম ভোগান্তিতে ২৩ হাজার যাত্রী

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৩, ২০২৬, ০৬:৫৪ পিএম

শাহজালালে ১৭১ ফ্লাইট বাতিল হওয়ায় চরম ভোগান্তিতে ২৩ হাজার যাত্রী

সৌদি আরবের দুটি প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বিধিনিষেধের কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৭১টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে ২৩ হাজার ৭৭ জন মধ্যপ্রাচ্যগামী যাত্রী চরম অনিশ্চয়তা ও ভোগান্তির মধ্যে পড়েছেন।

বিমানবন্দর সূত্র জানায়, সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরে সাম্প্রতিক আকাশসীমা পরিস্থিতি ও নিরাপত্তার স্বার্থে বাণিজ্যিক বিমান চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করায় এই অস্বাভাবিক ফ্লাইট বাতিলের ঘটনা ঘটে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) পাঠানো আনুষ্ঠানিক পরিসংখ্যান অনুযায়ী, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে সরাসরি ফ্লাইট রয়েছে ৯৪টি এবং ট্রানজিট ফ্লাইট রয়েছে ৭৭টি।

সরাসরি বাতিল হওয়া ফ্লাইটগুলোর বিশদ পরিসংখ্যানে দেখা গেছে, সবচেয়ে বেশি ফ্লাইট বাতিল হয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের।

সংস্থাটির ৪৫টি ফ্লাইট বাতিল হয়েছে।

এ ছাড়া বেসরকারি ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদি আরবের সৌদিয়া এয়ারলাইন্সের ২১টি এবং রিয়াদ এয়ারের ১৮টি সরাসরি ফ্লাইট বাতিল করা হয়েছে।

অন্যদিকে ট্রানজিট রুটে চলাচলকারী বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইন্সের ফ্লাইট বাতিলের তালিকাও বেশ দীর্ঘ।

এর মধ্যে ভারতীয় উড়োজাহাজ সংস্থা ইন্ডিগোর সর্বোচ্চ ৩০টি এবং এয়ার ইন্ডিয়ার ৮টি ট্রানজিট ফ্লাইট বাতিল হয়েছে।

মধ্যপ্রাচ্যভিত্তিক এয়ারলাইন্সগুলোর মধ্যে এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি এবং সালাম এয়ারের ৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর পাশাপাশি ইজিপ্ট এয়ারের ১টি ফ্লাইট বাতিলের তালিকায় রয়েছে।

হঠাৎ বিপুলসংখ্যক ফ্লাইট স্থগিত হওয়ায় হাজার হাজার প্রবাসী শ্রমিক ও মধ্যপ্রাচ্যগামী সাধারণ যাত্রী শাহজালাল বিমানবন্দরে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্সের সাথে সমন্বয় করে বিকল্প সূচি বা টিকিট ব্যবস্থাপনার পরামর্শ দেওয়া হয়েছে।