রবিবার, ০১ নভেম্বর, ২০২৬,
বিমান চলাচলে স্থবিরতা

শাহজালালে ১৬৫ ফ্লাইট বাতিল, সৌদি বিধিনিষেধে চরম দুর্ভোগে ২২ হাজার যাত্রী

জাতীয় ডেস্ক

নভেম্বর ১, ২০২৬, ০৫:২৪ পিএম

শাহজালালে ১৬৫ ফ্লাইট বাতিল, সৌদি বিধিনিষেধে চরম দুর্ভোগে ২২ হাজার যাত্রী

ছবি: সংগৃহীত

সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় আরোপিত বিধিনিষেধের কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ বিপর্যয় তৈরি হয়েছে। রোববার (১ নভেম্বর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) প্রকাশিত তথ্য অনুযায়ী, উদ্ভূত পরিস্থিতিতে এখন পর্যন্ত মোট ১৬৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

এর ফলে মোট ২২ হাজার ৯১৭ জন যাত্রী চরম অনিশ্চয়তা ও ভোগান্তিতে আটকা পড়েছেন। বাতিল হওয়া শিডিউলের মধ্যে সরাসরি ফ্লাইট রয়েছে ৮৮টি এবং আন্তর্জাতিক ট্রানজিট ফ্লাইট রয়েছে ৭৭টি। মধ্যপ্রাচ্যগামী প্রবাসী কর্মীদের একটি বিশাল অংশ এসব ফ্লাইটের বুকিং নিয়েছিলেন।

সরাসরি পরিচালিত বাতিলের তালিকায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সংস্থাটির মোট ৪১টি ফ্লাইট বাতিল করতে হয়েছে। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের ২১টি এবং রিয়াদ এয়ারের ১৬টি সরাসরি ফ্লাইট স্থগিত হয়ে পড়েছে।

অন্যদিকে আন্তর্জাতিক ট্রানজিট ফ্লাইট বাতিল হওয়ায় অন্যান্য দেশের সংযোগ রুটের যাত্রীরাও আটকা পড়েছেন।

বেবিচকের হিসাবে বাতিল ট্রানজিট ফ্লাইটের মধ্যে রয়েছে ইন্ডিগোর ৩০টি, এমিরেটস এয়ারলাইন্সের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাই দুবাইয়ের ৮টি, এয়ার ইন্ডিয়ার ৮টি, সালাম এয়ারের ৭টি এবং ইজিপ্ট এয়ারের ১টি ফ্লাইট। সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলো যাত্রীদের বিকল্প শিডিউল ও সার্বিক সহযোগিতায় কাজ করছে বলে বিমানবন্দর সূত্রে জানা গেছে।