নভেম্বর ১, ২০২৬, ০৩:২৫ পিএম
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ঘন কুয়াশা এবং মাঝারি থেকে ভারী মাত্রার বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা বা রেড অ্যালার্ট জারি করা হয়েছে। দেশটির আবহাওয়া বিষয়ক কর্তৃপক্ষ ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি রোববার (১ নভেম্বর) এই সতর্কবার্তা প্রকাশ করে।
ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় পূর্বাঞ্চলীয় প্রদেশের কিছু অংশে দুটি পৃথক রেড অ্যালার্ট জারি করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রদেশের অন্যান্য অংশে অরেঞ্জ অ্যালার্ট বা সম্ভাব্য বিপজ্জনক পরিস্থিতির আগাম সতর্কতা বহাল রাখা হয়েছে। আবহাওয়া বিজ্ঞানের নিয়ম অনুসারে রেড অ্যালার্ট চরম প্রতিকূল আবহাওয়া নির্দেশ করে।
বৃষ্টি ও শিলাবৃষ্টির ঝুঁকিতে রয়েছে দেশটির একাধিক গুরুত্বপূর্ণ প্রদেশ।
সংস্থাটি জানায়, নর্দার্ন বর্ডারস, হাইল, মক্কা, আসির, আল-বাহা ও জাজান অঞ্চলের কিছু অংশে মাঝারি বৃষ্টিপাতের জন্য অরেঞ্জ অ্যালার্ট বহাল থাকবে। এছাড়া জাজান, আসির, আল-বাহা, মক্কা, মদিনা, হাইল এবং নর্দার্ন বর্ডারস অঞ্চলের বিভিন্ন স্থানে তীব্র বজ্রঝড় ও শিলাবৃষ্টি আঘাত হানতে পারে, যার ফলে নিচু এলাকাগুলোতে আকস্মিক বন্যা দেখা দেওয়ার প্রবল ঝুঁকি রয়েছে।
পাশাপাশি রাজধানী রিয়াদ ও আল-কাসিমের কিছু এলাকায় ধুলো ও বালুঝড় সৃষ্টিকারী তীব্র বাতাস বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন