রবিবার, ০১ নভেম্বর, ২০২৬,
জাতীয় যুব দিবস

যুবশক্তি ধ্বংস করতে তরুণদের বিপথগামী করার চেষ্টা হয়েছিল, ত্রাণমন্ত্রী

জাতীয় ডেস্ক

নভেম্বর ১, ২০২৬, ০৩:৩২ পিএম

যুবশক্তি ধ্বংস করতে তরুণদের বিপথগামী করার চেষ্টা হয়েছিল, ত্রাণমন্ত্রী

দেশের যুবশক্তিকে ধ্বংস করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তরুণদের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে ফেলার অপচেষ্টা চালানো হয়েছিল বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

রোববার (১ নভেম্বর) সকালে লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে ‍‍`জাতীয় যুব দিবস-২০২৬‍‍` উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। যুবসমাজ দুর্বল হলে জাতিগত ভিত্তি নড়বড়ে হয়ে পড়ে বলে সতর্ক করেন তিনি।

মন্ত্রী বলেন, যুবশক্তি ধ্বংস হয়ে গেলে গোটা জাতি হিসেবে আমরা দুর্বল হয়ে পড়ব। বর্তমান সময়ে তরুণ সমাজের একটি বড় অংশ ইতিমধ্যে মাদকাসক্ত হয়ে পড়েছে। ক্যাসিনো, অনলাইন বেটিং, জুয়া এবং মাদকের আগ্রাসন বর্তমান প্রজন্মের সামনে সবচেয়ে বড় সংকট ও চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

‍‍`দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ‍‍` প্রতিপাদ্যকে সামনে রেখে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুস সালাম শিকদার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন পুলিশ সুপার মো. আসাদুজ্জামান ও জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক।

আলোচনা পর্ব শেষে প্রশিক্ষণ গ্রহণকারীদের হাতে সনদ তুলে দেওয়া হয়।

একই সঙ্গে নিবন্ধিত যুব সংগঠনের অনুকূলে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে যুব ঋণের চেক বিতরণ করা হয়। এর মধ্যে দুজনকে ২ লাখ টাকা করে এবং পাঁচজনকে ৩০ হাজার টাকা করে মোট ৫ লাখ ৫০ হাজার টাকার ঋণের চেক হস্তান্তর করেন অতিথিরা।