নভেম্বর ১, ২০২৬, ০৩:১৬ পিএম
পরিকল্পিতভাবে সৌরবিদ্যুৎ বাস্তবায়নের মাধ্যমে আগামী গ্রীষ্ম মৌসুমে লোডশেডিং সহনীয় পর্যায়ে কমিয়ে আনা সম্ভব হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। রোববার (১ নভেম্বর) রাজধানীর বিদ্যুৎ ভবনের বিজয় হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
সরকার গত আট মাস ধরে দেশব্যাপী সৌরবিদ্যুৎ সম্প্রসারণে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।
মন্ত্রী জানান, সাধারণ মানুষকে সৌরবিদ্যুতের ব্যবহারে উৎসাহিত করতেই বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। সরকারি উদ্যোগে দেশে এ ধরনের আয়োজন এবারই প্রথম এবং এতে প্রধানমন্ত্রী স্বয়ং উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রী নিজেও ইতিমধ্যে অফ-গ্রিডে চলে গেছেন এবং তিনি নিজ বাসভবনে আর জাতীয় গ্রিডের বিদ্যুৎ ব্যবহার করছেন না বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।
আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধির চাপ তুলে ধরেন মন্ত্রী।
তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়তে বাড়তে বর্তমানে ৩২ মার্কিন ডলারে পৌঁছেছে। এই অতিরিক্ত ব্যয়ের সংকট থেকে মুক্তি পেতে হলে সৌরবিদ্যুতের দিকে যাওয়া ছাড়া বিকল্প নেই।
সংবাদ সম্মেলনে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন