রবিবার, ০১ নভেম্বর, ২০২৬,
আদালত অবমাননা নোটিশ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্যারিস্টার ফুয়াদকে তলব

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১, ২০২৬, ০৪:১৯ পিএম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্যারিস্টার ফুয়াদকে তলব

রায় ও বিচারপ্রক্রিয়া নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে সশরীরে তলব করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার (১ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ স্বপ্রণোদিত হয়ে আদালত অবমাননার অভিযোগের পরিপ্রেক্ষিতে এই আদেশ জারি করেন।

আদেশে আগামী ৪ নভেম্বর তাকে সশরীরে ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে নিজের বক্তব্যের আনুষ্ঠানিক ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, গত ২৮ অক্টোবর ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম প্রসঙ্গে গণমাধ্যমে বিরূপ মন্তব্য করেন এবি পার্টির এই নেতা। ওই সময় তিনি দাবি করেন যে ট্রাইব্যুনালে বস্তা বস্তা টাকা লেনদেনে ভরে গেছে। তার এই বক্তব্য বিভিন্ন সম্প্রচার ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হলে বিষয়টি আদালতের নজরে আসে।

বক্তব্যটিকে বিচার বিভাগের মর্যাদাহানিকর বিবেচনা করে আদালত অবমাননার কারণ দর্শানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

রোববার সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে বিষয়টি উত্থাপিত হলে বিচারক স্বপ্রণোদিত হয়ে অবমাননার পদক্ষেপ গ্রহণ করেন। নির্ধারিত দিনে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে আদালতে হাজির হয়ে তার দেওয়া মন্তব্যের স্বপক্ষে বক্তব্য ও অবস্থান তুলে ধরার নির্দেশ বহাল রয়েছে।