রবিবার, ০১ নভেম্বর, ২০২৬,
হাইকোর্টের আদেশ

মেজর আখতারুজ্জামানের জামিন মঞ্জুর

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১, ২০২৬, ১২:০৮ পিএম

মেজর আখতারুজ্জামানের জামিন মঞ্জুর

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা প্রদান এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান। আজ রোববার (১ নভেম্বর) বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে তার জামিন মঞ্জুর করে এই আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি পরিচালনা করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

এর আগে বিচারিক আদালতে জামিন আবেদন প্রত্যাখ্যাত হওয়ার পর জামিন চেয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হন এই রাজনীতিবিদ। গত ২৬ অক্টোবর ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৫-এর বিচারক মো. সাদেকীন হাবিব বাপ্পী তার জামিন আবেদন নামঞ্জুর করেছিলেন।

মামলার বিবরণ ও নথি থেকে জানা যায়, গত ১ অক্টোবর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অব্যবস্থাপনা, ব্যাগেজ ট্রলির সংকট, লাগেজ হাতে পেতে দীর্ঘসূত্রতা এবং প্রত্যাশিত জমজমের পানি যথাসময়ে না পাওয়াকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। ওই ঘটনার জের ধরে পরবর্তীতে সরকারি দায়িত্ব পালনে বাধা ও কর্মকর্তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ এনে মামলা দায়ের করা হয়।

ঘটনার পর গত ২ অক্টোবর বিকেলে রাজধানীর সেনানিবাস এলাকার ডিওএইচএসের নিজ বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। পরদিন তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য আদালত তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড পর্ব শেষ হলে গত ৪ অক্টোবর তাকে পুনরায় আদালতে হাজির করা হয় এবং জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। সেই থেকে তিনি কারাগারে আটক ছিলেন।