নভেম্বর ১, ২০২৬, ১২:১৩ পিএম
তৈরি পোশাক খাতে ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ, শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধ এবং চাকরিচ্যুত শ্রমিকদের কাজে পুনর্বহালের দাবিতে চলমান আন্দোলনের মুখে নতুন মজুরি বোর্ড গঠনের আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ রোববার (১ নভেম্বর) এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি হতে পারে। কার্যক্রম শুরু হচ্ছে আজ থেকেই।
এর আগে শুক্রবার (৩০ অক্টোবর) রাতে পোশাক কারখানার শ্রমিক সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, রোববার সকাল থেকেই নতুন মজুরি বোর্ড গঠনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হবে।
সংবাদ সম্মেলনে শ্রমিকদের ন্যায্য পাওনা আদায় এবং একই সাথে জাতীয় অর্থনীতির চাকা সচল রাখতে শিল্পকারখানার সুরক্ষার ওপর জোর দেন মন্ত্রী। তিনি জানান, শ্রমিক নেতাদের সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ ও ইতিবাচক আলোচনা অনুষ্ঠিত হয়েছে এবং তাদের তোলা দাবিগুলো সরকার পর্যায়ক্রমে আলোচনার ভিত্তিতে সমাধান করবে।
শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়ে আরিফুল হক চৌধুরী বলেন, নেতাদের সঙ্গে খোলামেলা আলাপ হয়েছে এবং তাদের উত্থাপিত বিষয়গুলোতে সরকারের করণীয় স্পষ্ট। শিল্প যেমন বাঁচাতে হবে, তেমনই শ্রমিক ভাই-বোনদের প্রতিটি ন্যায্য দাবি নিশ্চিত করতে হবে। নেতাদের সাথে আলোচনার ভিত্তিতে একটি একটি করে দাবি বাস্তবায়নে কাজ এগিয়ে নেওয়া হবে।
বর্তমান প্রশাসনের সময়ে শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের অগ্রগতি তুলে ধরে শ্রমমন্ত্রী উল্লেখ করেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দুটি ঈদসহ অন্যান্য প্রতিটি ধাপে পোশাক কারখানার শ্রমিকদের মজুরি যথাসময়ে পরিশোধে সরকার পুরোপুরি সফল হয়েছে।
মজুরি বোর্ড কার্যকর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে তিনি জানান, কোনো কালক্ষেপণ না করে দ্রুততম সময়ের মধ্যে, অর্থাৎ রোববারের মধ্যেই শ্রমিকদের দীর্ঘদিনের প্রত্যাশিত এই বোর্ডের কাজ দৃশ্যমানভাবে শুরু হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন