রবিবার, ০১ নভেম্বর, ২০২৬,

মির্জা ফয়সল আমীনকে এমপি ঘোষণা করে ইসির গেজেট প্রকাশ

জাতীয় ডেস্ক

অক্টোবর ৩১, ২০২৬, ১১:১৭ পিএম

মির্জা ফয়সল আমীনকে এমপি ঘোষণা করে ইসির গেজেট প্রকাশ

মির্জা ফয়সল আমীনকে এমপি ঘোষণা করে আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র এই প্রার্থীকে শনিবার (৩১ অক্টোবর) বৈধ সংসদ সদস্য হিসেবে স্বীকৃতি দিয়ে গেজেট বিজ্ঞপ্তি জারি করা হয়। নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদের স্বাক্ষরে এই নথি প্রকাশিত হয়।

গেজেট প্রকাশের ফলে এখন সাংবিধানিক নিয়ম অনুযায়ী নবনির্বাচিত সংসদ সদস্যের শপথ পাঠ অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করবে জাতীয় সংসদ সচিবালয়।

এর আগে গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে মির্জা ফয়সল আমীন মোট ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন।

ভোটের ব্যবধান ছিল এক লাখ ৩১ হাজার ৪০৪।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন পান ৯৬ হাজার ৫১৩ ভোট। নির্বাচনী ফলাফল পর্যালোচনা শেষে কমিশন সচিবালয় আনুষ্ঠানিকভাবে এই গেজেট বিজ্ঞপ্তি জারি করল।